অসাধারণ জাগরণ

এবার ২৪টি আঞ্চলিক গণিত উৎসবে অংশগ্রহণকারীদের অসাধারণ জাগরণ আমরা দেখলাম। বিভিন্ন অঞ্চলে এমনকি গণিত উৎসবের দিন সকালেও অনেক শিক্ষার্থী অনুষ্ঠানস্থলে এসেছে। বারবার অনুরোধ করেছে যেন তাদের গণিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এ রকম ঘটনা আগে ছিল অচিন্তনীয়। স্থানাভাবে তাদের সবাইকে হয়তো সুযোগ দেওয়া যায়নি; কিন্তু গণিতের প্রতি শিক্ষার্থীদের এই আগ্রহ থেকে বোঝা যায়, আমাদের দেশে গণিত তথা বিজ্ঞানের প্রতি তরুণদের আগ্রহ ক্রমাগত বাড়ছে। নতুন এই প্রজন্মই হবে আগামী দিনে বাংলাদেশের মূল চালিকা শক্তি। তারাই সম্ভাবনার এক নতুন দিক উন্মোচন করবে। আমরা সেই সুন্দর আগামীর প্রত্যাশায় রইলাম।
গণিতের প্রতি শিশু ও তরুণ শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করে বিজ্ঞান শিক্ষায় অগ্রসরমাণ একটি নতুন প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আজকের বিশ্বে বিজ্ঞান ছাড়া সব অচল। আর গণিত হলো বিজ্ঞানের ব্যাকরণ। একটা সময় ছিল যখন শিশুরা গণিতকে এড়িয়ে চলত। মনে করত খুব কঠিন। এই গণিতভীতি দূর করা ও গণিতকে পড়াশোনার মধ্যে অন্যতম আকর্ষণীয় বিষয় করে তোলা গেলে অনেক অসাধ্য সাধন সম্ভব। এটা যে সত্য, তা আমরা এখনই দেখছি।
গণিতের পাশাপাশি দেশে এখন তরুণ শিক্ষার্থীরা ফিজিকস অলিম্পিয়াড, প্রোগ্রামিংসহ বিজ্ঞানের অনেক শাখায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য সম্মানজনক পদক ও পুরস্কার জয় করে আনছে। এটা কখনো ভাবা যায়নি। আজ বাংলাদেশ পৃথিবীর অন্য অনেক উন্নত দেশের তরুণদের সমকক্ষ হয়ে উঠেছে।
আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যে প্রতিবছর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের স্বনামধন্য অনেক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নজর রাখে বাংলাদেশের তরুণেরা কী রকম ফল করছে। প্রতিবছর ওরা আমাদের সফল তরুণ গণিতবিদদের স্কলারশিপ দিয়ে ওদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়। এভাবে আমাদের তরুণেরা আজ বিশ্বের মেধাবীদের তালিকায় স্থান করে নিচ্ছে।
জাতীয় গণিত উৎসব ও প্রতিযোগিতা থেকে বাছাই করা সেরা প্রতিযোগীরা এবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে আরও ভালো ফল নিয়ে আসবে, এতে সন্দেহের অবকাশ নেই। কারণ, আমাদের রয়েছে এক ঝাঁক মেধাবী তরুণ, যারা গণিতের ভাষায় কথা বলে, এমনকি স্বপ্নও দেখে। এর চেয়ে বড় আর কী হতে পারে!