অসাধারণ হয়ে ওঠা বিদ্যালয়

দিনাজপুর সদর উপজেলার ঈদগাহ বালিকা উচ্চবিদ্যালয় নানা ক্ষেত্রে পিছিয়ে ছিল। কিন্তু প্রধান শিক্ষকের চেষ্টায় এটি জেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢং ঢং ঘণ্টা বাজার সাথেই হইহুল্লোড়। স্কুল ছুটি। শিক্ষক–শিক্ষার্থীরা বের হয়ে যাওয়ার পরেই প্রধান শিক্ষক তাঁর কক্ষে চলে যান। হাতে নেন প্রতিটি শ্রেণির হাজিরা খাতা। দেখতে থাকেন ওই দিন বিদ্যালয়ে অনুপস্থিত আছে কারা। ডায়েরিতে তাদের নাম–ঠিকানা লিখে বেরিয়ে পড়েন অনুপস্থিত শিক্ষার্থীদের বাড়ির উদ্দেশে। সেখানে গিয়ে তিনি অভিভাবকদের লেখাপড়ার গুরুত্বের বিষয়ে জানান। সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে উদ্বুদ্ধ করেন। এক দশক ধরে তিনি এই মহতী কাজটি করছেন। এই কাজ করে তিনি অভাবনীয় সাফল্য পেয়েছেন।

প্রধান শিক্ষকের এই অসাধারণ উদ্যোগের ফলে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতির হার ১০ বছরে ৫০ শতাংশ থেকে ৯০ শতাংশে উন্নীত হয়েছে। ঝরে পড়ার হার ২০–২৫ শতাংশ থেকে ৫ শতাংশে নেমে এসেছে। আগে পাশের হার ৪০ থেকে ৫০ শতাংশ থাকলেও তা এখন ৯৫ শতাংশে উন্নীত হয়েছে। লেখাপড়ায় উৎসাহিত করার পাশাপাশি ওই প্রধান শিক্ষক বাল্যবিবাহ প্রতিরোধেও কাজ করছেন। শিক্ষার্থীদের খেলাধুলার প্রশিক্ষণ দিচ্ছেন। অর্থাৎ, একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য যতগুলো বিষয়ে দক্ষতা প্রয়োজন, সব বিষয়ে তিনি তাদের ধারণা দিচ্ছেন। প্রধান শিক্ষকের এই বহুমুখী উদ্যোগের কারণে বিদ্যালয়টি এখন পড়ালেখা, খেলাধুলাসহ নানা ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে।

শিক্ষার্থীদের জন্য আত্মনিবেদিত ও মহান এই শিক্ষকের নাম ফজলুর রহমান। তিনি দিনাজপুর শহরের ঈদগাবস্তি এলাকায় অবস্থিত ঈদগাহ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠা করা হয়। তবে ফজলুর রহমান এখানে যোগদান করেন ২০০৬ সালে।

কয়েক দিন আগে প্রধান শিক্ষক ফজলুর রহমানের নানা উদ্যোগ নিয়ে কথা হয় এই প্রতিনিধির। তিন জানান, শিক্ষার্থীদের অধিকাংশই নিম্ন আয়ের পরিবার থেকে আসা। এমনও অনেক শিক্ষার্থীর মা-বাবা আছেন, তাঁরা জানেনই না মেয়ে কোন শ্রেণিতে পড়ে। ২০১০ সালে বিদ্যালয়ে যোগদানের দিনে তিনি ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ছিল ৯১ জন। কিন্তু ওই দিন তিনি ৫৬ জন ছাত্রীকে উপস্থিত পেয়েছেন। এখন গড়ে ৯০ শতাংশের বেশি ছাত্রী উপস্থিত থাকে। শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার জন্য তিনি অভিভাবকদের মুঠোফোন নম্বর নিয়ে রেখেছেন। তিনি প্রতিদিন তিন–চারজন শিক্ষার্থীর বাড়ি যান।

*বিদ্যালয়টিকে বদলে দেওয়া ওই উদ্যমী শিক্ষকের নাম ফজলুর রহমান। তিনি এখানে ২০১০ সালে যোগ দেন। * বিদ্যালয়টিতে ঝরে পড়ার হার ছিল ২০ থেকে ২৫ শতাংশ। এখন তা ৫ শতাংশে নেমে গেছে। * এখানে ছাত্রী উপস্থিতির হার ৫০ থেকে ৯০ শতাংশে উন্নীত হয়েছে। * ২০১০ সালে এখানে ৯১ জন ছাত্রী ছিল। এখন ছাত্রীর সংখ্যা ৫৪৫ জন।

বাল্যবিবাহে ঠেকাতে বদ্ধপরিকর

বাল্যবিবাহের বন্ধ করার কাজে জড়িয়ে পড়লেন কীভাবে জানতে চাইলে প্রধান শিক্ষক ফজলুর রহমান জানান, শিক্ষার্থী ঝরে পড়া রোধে কাজে সফল হওয়ার পর বাল্যবিবাহ বন্ধে মনোযোগ দেন তিনি। এ জন্য ২০১০ সালে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। ওই বছর মার্চ মাসে এক দিন শিক্ষার্থী হাজিরা খাতা নিয়ে বসেছিলেন ফজলুর রহমান। হঠাৎ চোখ আটকে যায় অষ্টম শ্রেণির হাজিরা খাতায়। ২২ দিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত শাহিনা আক্তার। ফাইলপত্র ঘেঁটে ঠিকানা লিখে চলে যান ওই শিক্ষার্থীর বাড়িতে। জানতে পারেন কয়েক দিন আগে মেয়েকে বিয়ে দিয়েছেন তাঁরা। সেদিনই বিদ্যালয়ের আর কোনো শিক্ষার্থীর বাল্যবিবাহ হতে দেবেন না বলে সিদ্ধান্ত নেন। সব শিক্ষার্থীকে বিদ্যালয়মুখী করার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেন ফজলুর রহমান। শিক্ষার গুরুত্ব ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে তৈরি করেন সচেতনতামূলক লিফলেট। রুটিন করে সেই লিফলেট নিয়ে ছুটতে থাকেন অভিভাবকদের কাছে। ধীরে ধীরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর বাসা চেনেন তিনি। প্রতিটি শিক্ষার্থীর নাম যেমন বলতে পারেন, তেমনি বলতে পারেন ওই শিক্ষার্থীর মা–বাবা পেশায় কী করেন, কোথায় থাকেন। অভিভাবকেরাও প্রধান শিক্ষককে কাছে পেয়ে বেশ খুশি হন। ২০১০ সাল থেকে এ পর্যন্ত অর্ধশতাধিক বাল্যবিবাহ বন্ধ করেছেন তিনি।

দিনাজপুর সদর উপজেলার ঈদগাহ বালিকা উচ্চবিদ্যালয়
প্রথম আলো

প্রধান শিক্ষকের চেষ্টায় বাল্যবিবাহ বন্ধ হওয়া একজন শহরের কসবা এলাকার আশামনি। আশামনি বলেন, ‘নবম শ্রেণিতে পড়ার সময় আমার বিয়ে ঠিক করেছিলেন বাবা। রাতে মায়ের মুখে শুনে সারা রাত ঘুমাইনি। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষকের বাসায় যাই। স্যারকে সবকিছু বলি। তারপর স্যার বাবার সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করেন।’ আশামনি বলেন, এখন তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি রেডিওগ্রাফি বিষয়ে পড়াশুনা করছেন।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় চালু করেছেন স্বাস্থ্যসেবা কেন্দ্র। প্রতি ‍বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পরে একজন চিকিৎসক সেখানে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যসেবা দেন। সামান্য কিছু ওষুধপত্র দেওয়া হয় সেখান থেকে। বিদ্যালয়ে চালু আছে মিড-ডে মিল। নিয়মিত ১০ জন শিক্ষকের পাশাপাশি খণ্ডকালীন শিক্ষকও রয়েছেন ৬ জন। আর এসব কাজে তাঁকে সহায়তা করছেন তাঁর এক নিকটাত্মীয়।

খেলাধুলায় অর্জন

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও এগিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ে খেলার মাঠ না থাকায় ফজলুর রহমান তাঁর শিক্ষার্থীদের নিয়ে হাজির হন দিনাজপুর গোড়-এ-শহীদ ময়দানে। শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে প্রায় সময় নিজেই মাঠে নেমে পড়েন তিনি। ইতিমধ্যে ২০১৭ ও ২০১৯ সালে গ্রীষ্মকালীন ফুটবলে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন, ২০১৮ সালে ফুটবলে রংপুর বিভাগীয় রানার্সআপ এবং হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যালয়টি। সর্বশেষ এই বিদ্যালয়ের এক শিক্ষার্থী ঢাকা মোহামেডানের হয়ে কলকাতায় এক প্রীতি ফুটবল ম্যাচ খেলে এসেছেন।

বিদ্যালয়ে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন করেন প্রধান শিক্ষক। অভিভাবকদের একজন জাহানারা বেগম বলেন, ‘আমার তিন মেয়ে ফজলু স্যারের স্কুলে দিয়েছিলাম। বড় মেয়ে এখন অনার্সে পড়ছে। ফজলু স্যার না থাকলে আমার মেয়ে হয়তো এত দিনে সংসার করত, পড়াশোনার স্বপ্ন দেখতে পারত না। আমাদের লাইনপাড়ার এমন কারও বাড়ি নাই ফজলু স্যার আসেননি।’

বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরাও তাঁকে যথেষ্ট সহযোগিতা করেন। সহকারী শিক্ষক নরেশ চন্দ্র সেন বলেন, ‘বর্তমান হেডস্যার স্কুলে আসার পরে স্কুলে শিক্ষার্থী সংখ্যাই শুধু বাড়েনি, খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে আমাদের স্কুল এগিয়েছে। আমরা তাঁর সঙ্গে কাজ করতে পেরে গর্ববোধ করি।’

প্রধান শিক্ষক পেয়েছেন স্বীকৃতি

ফজলুর রহমানের এমন অনবদ্য কর্মকাণ্ডের স্বীকৃতি দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। ২০১৮ সালে ঢাকার ওয়াইএসএসই নামের একটি সংগঠন তাঁকে সম্মাননা দিয়েছে। এ ছাড়া দিনাজপুর লায়নস ক্লাব, উপজেলা মাধ্যমিক কার্যালয় এবং সর্বশেষ প্রথম আলো বন্ধুসভা তাঁকে গুণীজন সম্মাননা দিয়েছে।

ফজলুর রহমানের নানা উদ্যোগের প্রশংসা করে দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক সানিউল ফেরদৌস (শিক্ষা ও আইসিটি) বলেন, ফজলুর রহমান শিক্ষকদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। অন্য শিক্ষকদের ফজলুর রহমানের মতো শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা উচিত। প্রশাসন তাঁর সব ভালো কাজে সহযোগিতা করবে।

সদ্য বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক প্রধান বলেন, ‘৯০ শতাংশ শিক্ষার্থীই হতদরিদ্র পরিবার থেকে আসা। অভিভাবকদের অনেকে অশিক্ষিত ও দরিদ্র। এ কারণে অনেক শিক্ষার্থীর দশম শ্রেণি পর্যন্ত পড়া হয়ে উঠত না। তবে ফজলুর রহমানের চেষ্টায় ঝরে পড়ার হার ৫ শতাংশেরও নিচে নেমেছে। বিভিন্ন সময় বিদ্যালয় পরিদর্শনে গিয়েছি। শিক্ষার্থীদের উন্নতির জন্য বিদ্যালয়ের সব শিক্ষকেই যথেষ্ট আন্তরিক।’