অসাধু রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানির ক্ষেত্রে যেকোনো ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ ধরনের প্রতারণার জন্য রিক্রুটিং লাইসেন্স বাতিলসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধনকালে শেখ হাসিনা এসব কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বক্তৃতা করেন।প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় দেখা গেছে, বিপুল পরিমাণ টাকা-পয়সা খরচ করে বিদেশে গিয়ে দীর্ঘদিন কাজ করার পরও অভিবাসন খরচ উঠছে না। বিদেশে যাওয়ার জন্য কাউকে যাতে ভিটেমাটি বিক্রি করতে না হয়, সেই লক্ষ্যে এ বছরের এপ্রিলে ‘প্রবাসীকল্যাণ ব্যাংক’ স্থাপন করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধানের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিসহ বেশ কয়েকটি দেশে অনিয়মিত কর্মীদের নিয়মিত করার ব্যবস্থা নিয়েছে।জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে বলে কেউ কেউ যে বিভ্রান্তিকর দাবি করেন, তা খণ্ডন করে শেখ হাসিনা বলেন, চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত দুই লাখ ৬২ হাজার জনশক্তি রপ্তানি হয়েছে। প্রবাসী-আয় এসেছে ৪০০ কোটি ডলারের বেশি, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৪৭ শতাংশ বেশি।এর আগে প্রধানমন্ত্রী ভবনের প্রতিকৃতির ওপর স্বাক্ষরের মাধ্যমে ২০তলা প্রবাসীকল্যাণ ভবন উদ্বোধন করেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন।প্রধানমন্ত্রী লিবিয়া-ফেরত ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের পরিবারবর্গের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেন। পরে তিনি চাকরি মেলা উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।আর্চ বিশপের সাক্ষাৎ: আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিওর নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধিদল গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান, দেশে তাঁদের প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলো সফলভাবে পরিচালিত হচ্ছে। এখন তাঁরা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন।দুর্বৃত্তদের গ্রেপ্তারে সহায়তা করুন: প্রধানমন্ত্রী রাতে গণভবনে এক অনুষ্ঠানে নিজ নিজ এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকতে এবং আইনভঙ্গকারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল দেশের বিভিন্ন এলাকায় বোমাবাজি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি এবং তাদের দোসর জামায়াত-শিবিরের কর্মীরাই এসব অপকর্মের জন্য দায়ী। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান: সকালে বিদ্যুতের ব্যবহারে সতর্কতা অবলম্বন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে বাংলাদেশ স্কাউটদের ইলেকট্রিসিটি ক্যাম্প-২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির প্রেক্ষাপটে ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক ও স্থানীয় দুজন বিদ্যুৎ গ্রাহকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্যাম্প উদ্বোধন করেন।