অসাবধানতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার রাত নয়টা। বিছানায় শারমিন খাতুন (১৩ মাস) ঘুমাচ্ছিল। পাশের টেবিলে জ্বলছিল কেরোসিনের কুপি। এ সময় মা সামিনা বেগম পাশের বাড়িতে গিয়ে স্বামী ছামিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। ছামিউল সিলেটে রিকশা চালান। কথা শেষ না হতেই আগুন আগুন বলে চিৎকার। সামিনা হন্তদন্ত হয়ে বাড়িতে ফিরে এসে দেখেন, তাঁর একমাত্র কুঁড়েঘরটি পুড়ে ছাই। ঘরের সঙ্গে আদরের শিশুটিও পুড়ে মারা গেছে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর গ্রামে। অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ ১৫ হাজার টাকার মালামাল পুড়ে যায়। আশপাশের লোকজন এসে শিশুটির লাশ উদ্ধার করে। সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক রাশেদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কেরোসিনের কুপি থেকে আগুনের সূত্রপাত হয়। এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।