অসাবধানতায় পা হারাল কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল বুধবার ট্রাক্টর দিয়ে জমি চাষের সময় অসাবধানতায় বাঁ পা হারাল নাজিম উদ্দিন (১৫) নামের এক কিশোর। হাসপাতাল ও পরিবার জানায়, পৌরসভার ঝালুপাড়া গ্রামের দিনমজুর ইসমাইল হোসেনের ছেলে নাজিম উদ্দিন পাশের বাঘমারা গ্রামের খলিল মুন্সীর বাড়িতে দৈনিক মজুরি ভিত্তিতে কাজে করে। নাজিম গতকাল দুপুরে খলিল মুন্সীর ট্রাক্টর দিয়ে তাঁর জমিতে চাষ করতে যায়। উঁচু জমি থেকে নিচু জমিতে নামার সময় নাজিমের লুঙ্গি ট্রাক্টরের চাকায় আটকে যায়। একপর্যায়ে তার বাঁ পা ফসকে ট্রাক্টরের ফলার ভেতরে চলে যায়। পরে বাঁ পা হাঁটু থেকে নিচ পর্যন্ত থেঁতলে যায়। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে নাজিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবীর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তার বাঁ পায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত কেটে ফেলেন। খলিল মুন্সী জানান, নাজিমের অসাবধানতার কারণে তাকে পঙ্গু হতে হলো। নাজিমের পরিবারকে চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।