অসাবধানতায় প্রাণ গেল স্কুলছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার কাছ থেকে মেয়ের বিদায়ের সময়ের ব্যবধান মাত্র তিন-চার মিনিট। এ সময়েই ঘটে যায় দুর্ঘটনা। একটু অসাবধানতায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে মারা যায় মেয়ে। মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দুর্গাপুর ডিএন ডিগ্রি কলেজ মোড়ে। ওই ছাত্রীর নাম নিপুণ রায় (১২)। সে পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের অরুণ কুমার রায়ের মেয়ে। সে স্থানীয় শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত।

প্রত্যক্ষদর্শীরা জানান, অরুণ কুমার রায় উপজেলার নারায়ণপুর গ্রাম থেকে তাঁর পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে নিপুণ রায়কে গতকাল সকাল নয়টার দিকে ব্যাটারিচালিত ইজিবাইকে তুলে দেন। সে ইজিবাইকে করে প্রাইভেট পড়ার জন্য পীরগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিল। ইজিবাইকটি চলতে শুরু করার তিন-চার মিনিটের মধ্যে অসাবধানতাবশত নিপুণের গলার ওড়না বাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে যায়। চালক পীরগঞ্জ-রানীশংকৈল সড়কের দুর্গাপুর ডিএন ডিগ্রি কলেজ মোড়ে ইজিবাইক থামালে নিপুণের বাবা ও স্থানীয় লোকজন সেখানে ছুটে যান। পরে তাঁরা তাকে একটি মোটরসাইকেলে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বিকেলে উপজেলার গনিরহাটের ঠাকুর  আলী শ্মশানে ওই ছাত্রীর লাশ দাহ করা হয়েছে।