অসাবধানতায় শিশু খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রামের শেখপাড়ায় গতকাল সোমবার বেলা ১১টায় ধারালো অস্ত্রের আঘাতে তুষার নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের তুসলাম উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তুষার বাদাম কিনে দৌড়ে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত বিপরীত দিক থেকে আসা মাথায় ঘাসভর্তি একই গ্রামের মানিক চাঁদের হাতে থাকা ধারালো অস্ত্র (কাঁচি) গলায় বিদ্ধ হয়ে রক্তাক্ত জখম হয়। মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে নয় মাইল নামক স্থানে সে মারা যায়। ঘটনার পর থেকে মানিক চাঁদ পলাতক। নিহত শিশুর বাবা বিষয়টি দুর্ঘটনা বলে জানান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে উভয় পক্ষ গ্রাম্য মাতব্বরদের উপস্থিতিতে তাৎক্ষণিক আপস করে লিখিত দেওয়ায় লাশ মর্গে পাঠানো হয়নি।