অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হোটেলের ব্যবস্থাপকসহ গ্রেপ্তার ১০
অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে মুন্সিগঞ্জ শহরের ‘থ্রি স্টার’ হোটেলের ব্যবস্থাপকসহ ১০ জন তরুণ-তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ওই হোটেলে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন তরুণ ও পাঁচজন তরুণী রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, এই হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চলে আসছিল বলে অভিযোগ ছিল। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। ওই দিনই আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। তাদের সবার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।এদিকে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ওই হোটেলের সামনে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জেলা মহিলা পরিষদ। এতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, মহিলা পরিষদের সভানেত্রী খালেদা খানম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার প্রমুখ।