অসামাজিক কাজে রাজি না হওয়ায় শিকলে বেঁধে স্ত্রীকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসামাজিক কাজে রাজি না হওয়ায় এক ব্যক্তি স্ত্রীকে ঘরে আটকে পায়ে শিকল বেঁধে নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় তিনি তাঁর মা-বাবাকেও নির্যাতন করেন। পুলিশ গত সোমবার গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের আলগী গ্রামে এ ঘটনা ঘটেছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূর (২৫) ভাষ্যমতে, ওই গ্রামের খোরশেদ আলম বেপারির ছেলে আবদুল জলিল (২৯) পেশায় মুরগি বিক্রেতা। চার মাস আগে তাঁদের বিয়ে হয়েছে। এ নিয়ে জলিল সাতটি বিয়ে করেন। প্রায়ই তিনি এলাকার সন্ত্রাসীদের ঘরে এনে অসামাজিক কাজকর্ম চালাতেন। গত সপ্তাহে এক এনজিওকর্মীকেও তিনি ধর্ষণ করেন।গৃহবধূ অভিযোগ করেন, এসব অন্যায়ের প্রতিবাদ ও স্বামীর অশোভন প্রস্তাবে রাজি না হওয়ায় বিয়ের দুই মাসের মাথায় জলিল তাঁর ওপর নির্যাতন শুরু করেন। কান্নার শব্দ ঠেকাতে মুখে কাপড় গুঁজে নির্যাতন করেন। দিনের বেলা শিকল দিয়ে হাত-পা বেঁধে খাটের সঙ্গে আটকে ঘর তালাবদ্ধ করে চলে যেতেন। ছেলের ভয়ে শ্বশুর-শাশুড়িও তাঁকে উদ্ধার করতে আসতেন না।জলিলের বাবা খোরশেদ আলম ও মা আমেনা বেগম বলেন, ছেলের অপকর্মের প্রতিবাদ করায় তাঁদের প্রায়ই মারধর করা হয়। বর্তমানে তাঁরা আহত হয়ে ঘরে পড়ে আছেন। তাঁরা বলেন, নির্যাতন থেকে বাঁচতে ছেলেকে কয়েকবার পুলিশের হাতে দিলেও কাজ হয়নি। জামিনে ছাড়া পেয়ে আবার অসামাজিক কাজে জড়িয়ে পড়েন।ধনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জসিম উদ্দিনসহ একাধিক প্রতিবেশী বলেন, জলিল কয়েক মাস পরপর বিয়ে করেন। এক-দুই মাস না যেতেই স্ত্রীদের মারধর শুরু করেন। এ নিয়ে অনেক সালিসি বৈঠক হয়েছে। জলিলকে পুলিশেও দেওয়া হয়েছে। কিন্তু তাঁর চরিত্র পাল্টায়নি।খবর পেয়ে সোমবার দুপুরে একদল সাংবাদিক জলিলের বাড়িতে গিয়ে দেখেন, ঘর তালাবদ্ধ। ভেতরে তাঁর ছোট স্ত্রীর পায়ে শিকল বাঁধা। সাংবাদিকদের দেখে জলিল ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ধাওয়া করেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে গৃহবধূকে উদ্ধার করে এবং সদর হাসপাতালে নিয়ে যায়।সদর থানায় দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, গৃহবধূর অবস্থা গুরুতর হওয়ায় তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে জলিলকে ধরা যায়নি।