অসামাজিক কাজের অভিযোগে বিধবাকে নির্যাতন, জুতাপেটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের কাজীর মোড়ে বিধবা মহিলাকে অসামাজিক কাজের অভিযোগে গ্রাম্য সালিসে নির্যাতন করে পা ভেঙে দিয়ে ৫০ বার জুতাপেটা এবং তাঁর কথিত প্রেমিক জসীম উদ্দিনকে ১০০ বার জুতাপেটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ অভিযান চালিয়ে বিধবাকে উদ্ধার করে ঘটনার সঙ্গে জড়িত চার ব্যক্তিকে আটক করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন: ফজলুল হক (৪৮), আ. কাদির (৪০), আ. করিম (৫০) ও আ. মান্নান (৪৮)। পুলিশ আহত বিধবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী হাসপাতালে ভর্তি করে।জানা যায়, উপজেলার লোহাজুরী ইউনিয়নের কাজীর মোড়ে বিধবা চার সন্তানের জননী ফিরোজা খাতুনের (৩৫) সঙ্গে চায়ের দোকানদার জসীম উদ্দিনের (৩০) অনৈতিক সম্পর্ক আছে বলে অভিযোগ করে গত ৩০ মে আ. কাদির, কাঞ্চন মিয়া (৩৫) ও মোস্তফা মিয়া (৩৬) লাঠি দিয়ে পিটুনি দেন। এতে বিধবার বাঁ পা ভেঙে যায়। নির্যাতনকারীরা তাঁকে বাড়িতে অবরোধ করে রাখেন এবং তাঁকে সমাজচ্যুত করা হয়। বলা হয়, তাঁর সঙ্গে কেউ কথা বলবে না।গত শনিবার সকালে অভিযুক্ত জসীম উদ্দিন এবং আহত ফিরোজাকে পুনরায় সালিসের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হয়। সালিসে লোহাজুরী ইউপির সদস্য মো. আলম মিয়া, ফজলুল হক, আ. কাদির, আ. করিম, আ. মান্নান, গিয়াস উদ্দিনসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সাতজনকে দিয়ে জুরি বোর্ড গঠন করা হয়। ওই জুরি বোর্ডের সাতজন হলেন: গিয়াস উদ্দিন মাস্টার, আলম মেম্বার, খালেক মেম্বার, নজরুল মেম্বার, নবী নেওয়াজ, আবুল কাশেম ও মাইন উদ্দিন মাস্টার।আলম মেম্বার বলেন, ‘জুরি বোর্ডের সাতজনের মধ্যে ছয়জনই জসীম উদ্দিনকে ১০০ ও ফিরোজা খাতুনকে ৫০ বার জুতা মারার নির্দেশ দেন; এবং তা কার্যকর করা হয়। কিন্তু আমি ওই রায়ের বিরোধিতা করি। জুতাপেটা করা আইনত দণ্ডনীয় অপরাধ।’কটিয়াদী হাসপাতালে আহত বিধবা ফিরোজা খাতুন বলেন, ‘আমার স্বামীর আত্মীয়স্বজন আমাকে মিথ্যা অজুহাত দিয়ে নির্যাতন করে বাড়িতে অবরোধ করে রাখে।’লোহাজুরী ইউপির চেয়ারম্যান হায়দার মারুয়া বলেন, ‘ফতোয়ার বিষয়ে সব মেম্বারকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনা আমার অজান্তে হয়েছে।’ আটক ফজলুল হক বলেন, ‘আমি ঘটনার সঙ্গে জড়িত নই। ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না।’কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নির্যাতিত মহিলাকে তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গত শনিবার সন্ধ্যায় আটক করা হয়েছে। সালিসে জুতাপেটা করা বা দোররা মারা সম্পূর্ণ নিষিদ্ধ।