
অসামান্য মানুষ ছিলেন আবুল মনসুর আহমদ। রাজনীতিতে তিনি ছিলেন মৌলিক চিন্তার অধিকারী। বাংলাদেশে সৃজনশীল রাজনৈতিক রচনা এবং ব্যঙ্গসাহিত্যের সূচনা ও পূর্ণতা তাঁর হাতে। একজন সম্পাদক হিসেবে তাঁর নেতৃত্বেই প্রতিষ্ঠা পেয়েছিল সে সময়ের আধুনিক ও প্রবল পাঠকপ্রিয় একটি পত্রিকা ইত্তেহাদ। সাহিত্যিক, সাংবাদিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব—এ তিন পরিচয়েই তিনি বিশিষ্ট। সর্বোপরি সবগুলো ক্ষেত্রেই তাঁর সমাজমনস্কতা ও মানবিক মূল্যবোধের যে পরিচয় পাওয়া যায়, তাতে তিনি একজন সংস্কারকও বটে। আবুল মনসুর আহমদের জীবন ও কাজের মূল্যায়ন করে এসব কথা বললেন আলোচকেরা।
উপমহাদেশের কীর্তিমান এ পুরুষের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বাংলা একাডেমিতে দিনব্যাপী এক স্মৃতি সম্মেলনের আয়োজন করে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ। একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সকাল থেকে আলাদা তিনটি অধিবেশনে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনায় শামিল হন দেশের খ্যাতিমান লেখক, প্রাবন্ধিক, গবেষক, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা।
আবুল মনসুর আহমদের রাজনীতি, সাংবাদিকতা ও সাহিত্যকর্ম নিয়ে তিনটি পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক রফিকুল ইসলাম ও লেখক সৈয়দ শামসুল হক। অধিবেশনগুলোতে প্রবন্ধ পাঠ করেন ড. নুরুল আমিন, ড. মো. চেঙ্গীস খান ও ড. বিশ্বজিৎ ঘোষ।
অধ্যাপক আনিসুজ্জামান আবুল মনসুর আহমদকে অভিহিত করেন একজন ‘রাজনৈতিক চিন্তাবিদ’ হিসেবে। তাঁর মতে, আবুল মনসুর আহমদের রাজনৈতিক ও সাংস্কৃতিক চিন্তার মধ্যে যে মৌলিকতা ছিল, তা বিরল। বাঙালি মুসলমানের আলাদা যে সংস্কৃতি, সেটাকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
অধ্যাপক আবুল আহসান চৌধুরী বলেন, ‘রাজনৈতিক সততা, সদিচ্ছা আর সমালোচনার যে নিদর্শন তিনি রেখে গেছেন, সেটাকে আমাদের গ্রহণ করা উচিত।’
বিকেলের অধিবেশনের মুখ্য আলোচক ড. মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্র চলে শক্তিতে আর ধর্ম চলে ইমানে। এ দুটিকে একসঙ্গে মেলানোর বিরোধী ছিলেন আবুল মনসুর আহমদ।’
আবুল মনসুর আহমদ শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী এবং ১৯৫৭ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন।
এর আগে দুপুরের অধিবেশনে বক্তাদের আলোচনায় ১৯৪৬-এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ পত্রিকা এবং এর সম্পাদক হিসেবে ভাষা আন্দোলনে আবুল মনসুর আহমদের অবদানের বিষয়টি আলোচিত হয়। সাংবাদিক আবুল মোমেন ইত্তেহাদ পত্রিকাটিকে তৎকালীন বাঙালি মুসলিম সমাজের সবচেয়ে আধুনিক পত্রিকা বলে মন্তব্য করেন।
বিশ্বজিৎ ঘোষ তাঁর প্রবন্ধে উল্লেখ করেন, রঙ্গ-ব্যঙ্গের কশাঘাতে তিনি দূর করতে চেয়েছেন সামাজিক অসংগতি। হাসির মধ্য দিয়ে তিনি ধমকে দিয়েছেন ভয়ংকরকে। সাহিত্যিকের পাশাপাশি তাঁকে একজন সমাজবিজ্ঞানী হিসেবেও চিনে নেওয়া যায়।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের মতে, তাঁর সাহিত্য মানবজীবনের বহমানতায় সম্পৃক্ত। তিনি দেখিয়েছেন, সাহিত্য কখনোই মানবজীবন থেকে বিচ্ছিন্ন নয়।
এ অধিবেশনের সভাপতি লেখক সৈয়দ শামসুল হকের ভাষ্য, ‘ব্যঙ্গরচনা কিংবা ব্যঙ্গচিত্রের মতো শিল্পের শক্তিশালী একটা মাধ্যম সমাজের অতিরিক্ত স্পর্শকাতরতার কারণে আজ হারিয়ে যেতে বসেছে। আবুল মনসুর আহমদ সম্পর্কে আলোচনা হবে কিন্তু তাঁর কর্মের ধারাবাহিকতা থাকবে না, এটা হতে পারে না। এ ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরই নিতে হবে।’
প্রথম অধিবেশন শেষে আবুল মনসুর আহমদের ছয় খণ্ডের রচনাসমগ্র সম্পাদনা করার জন্য বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয় রফিকুল ইসলামকে। এ ছাড়া অন্যদের মধ্যে আবুল মনসুর আহমদ সম্মাননা পুরস্কার পেয়েছেন নুরুল আমিন, রাজীব হুমায়ূন, মো. চেঙ্গীশ খান, মিজানুর রহমান ও ইমরান মাহফুজ।
পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেকের হাতে ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকা তুলে দেন আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।
স্মৃতি সম্মেলন উপলক্ষে ডেইলি স্টার বুকস থেকে গল্প সংকলন আবুল মনসুর আহমদের শ্রেষ্ঠ গল্প এবং প্রথমা প্রকাশন থেকে আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে।
অধিবেশনগুলোতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, লেখক মোরশেদ শফিউল হাসান, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
সমাপনী অধিবেশনে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক ও আবুল মনসুর আহমদের ছেলে মাহ্ফুজ আনাম।