চতুর্থ জাতীয় বিনাদ সম্মেলনে বিশিষ্টজনেরা
অসাম্প্রদায়িক ও দেশপ্রেমিক হতে চাই সুকুমার বৃত্তির বিকাশ
শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধিসম্পন্ন, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে চাই সুকুমার বৃত্তির বিকাশ। এ জন্য নাট্যচর্চাসহ বহুমুখী সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা প্রয়োজন। প্রকৃত ‘মানুষ’ হতে হলে ছোটকাল থেকেই মূল্যবোধ ও অধিকারসচেতন হতে হবে।
গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে চতুর্থ জাতীয় বিদ্যালয় নাট্য দল (বিনাদ) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনেরা এ কথা বলেন। বেসরকারি মানবাধিকার প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্রের (আসক) দুদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম বলেন, স্কুল পর্যায় থেকে যে মূল্যবোধ তৈরি হয়, তা সারা জীবনের ভিত্তি। পরে সেটিই পরিমার্জিত, পরিশীলিত হয়। তিনি বলেন, প্রাণ, আদর্শ, আনন্দ, শক্তি আছে এমন মানুষ হিসেবে গড়ে উঠতে হলে সুকুমার বৃত্তি চর্চার বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং সবার সম-অধিকারের রাষ্ট্র হবে বাংলাদেশ এমন স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। কখনো ধর্মের, কখনো সংস্কৃতির দোহাই দিয়ে সেই স্বপ্নে চিড় ধরানোর চেষ্টা হয়েছে, হচ্ছে।
অনুষ্ঠানে বলা হয়, আসকের মানবাধিকার সচেতনায়ন কর্মসূচির আওতায় ২০০৩ সাল থেকে বিভিন্ন জেলার উচ্চবিদ্যালয়ে বিনাদ গঠন হচ্ছে। বর্তমানে ১৩টি জেলার ৫২টি বিদ্যালয়ে কার্যক্রম চলছে। বিনাদের সদস্যসংখ্যা বর্তমানে প্রায় আড়াই হাজার। তার মধ্য থেকে সম্মেলনে ৫২ জন শিক্ষার্থী এবং ৫২ জন শিক্ষক অংশ নিচ্ছেন। বিনাদ সদস্যরা লেখাপড়ার পাশাপাশি নাট্যচর্চা, বিতর্ক, নৃত্য, সংগীত, চিত্রাঙ্কনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘পাঠ অধিবেশন ও অভিজ্ঞতা বিনিময়’ পর্বে বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার উপস্থিত অংশগ্রহণকারীদের তাঁর এভারেস্ট বিজয়ের অভিজ্ঞতা শোনান। অংশগ্রহণকারীরা তাঁর কাছে এভারেস্ট বিজয়ের প্রস্তুতি, অভিজ্ঞতা, অনুপ্রেরণার উৎস সম্পর্কে প্রশ্ন করেন। এভারেস্টের পরে কী বিজয় করবেন এমন প্রশ্নের উত্তরে নিশাত বলেন, ‘ঠিক কী করব জানি না, তবে এভারেস্ট বিজয়ের চেয়ে কঠিন কিছু করতে চাই।’
এরপর বিনাদ সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। নাটকের দল ‘প্রাচ্যনাট’ প্রযোজিত নাটক গর্ত পরিবেশনের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়।
আজ সম্মেলনের শেষ দিনে বিনাদ সদস্যরা বিভিন্ন প্রতেযোগিতায় অংশ নেবেন। বিজয়ীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।