অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বপ্ন পূরণে অসাম্প্রদায়িক, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জয়ন্তী উদ্যাপন উপলক্ষে ভাষণকালে এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সবার সম-অধিকার নিশ্চিতের মাধ্যমে শোষণ-বঞ্চনাহীন বাংলাদেশ গড়তে পারলে নজরুলের স্বপ্ন সত্যে পরিণত হবে। তিনি আরও বলেন, একজন কবি, তিনি মানুষের অধিকার ও সাম্যের কথা বলায় ব্রিটিশ শাসকগোষ্ঠীর বিরাগভাজন হয়েছেন, কারাবরণ করেছেন। অপর দিকে ধর্মব্যবসায়ী ফতোয়াবাজদের মুখোশ খুলে দেওয়ায় ‘কাফের’ বলেও অভিহিত হয়েছেন।শেখ হাসিনা বলেন, ‘কিন্তু কোনো কিছুই জাতীয় কবিকে ভীত করতে কিংবা দমাতে পারেনি। আমরা তাঁর কাছ থেকে লাভ করেছি সাহস ও শৌর্য। অর্জন করেছি প্রতিবাদের ভাষা।’ তিনি বলেন, ‘তাঁর উদ্দীপনামূলক গান ও কবিতা মুক্তিযুদ্ধের সময় আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।’প্রধানমন্ত্রী নজরুল রচিত গান, যেগুলোতে তিনি জীবদ্দশায় সুর করতে পারেননি, তাতে সুরারোপের বিষয়টি বিবেচনা করতে নজরুল বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন। নজরুলের প্রতি গভীর শ্রদ্ধ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বাঙালি সংস্কৃতির চেতনায় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান এক জাগরণী শক্তির উৎস। হাজার বছরের শোষণ-বঞ্চনা, নির্যাতন-নিপীড়ন-নিষ্পেষণে বাঙালি জাতি যুগে যুগে মুক্তির আকাঙ্ক্ষায় আর্তনাদ করেছে, প্রতিবাদ জানিয়েছে, আন্দোলন করেছে। বাঙালির সেই মুক্তির আকাঙ্ক্ষা ও স্বপ্ন পল্ল্লবিত হয়েছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনায়।’নতুন প্রজন্মকে নজরুলের সৃষ্টিসম্ভারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই কবির সম্পূর্ণ সৃষ্টি প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে পড়ুক। কবির দুই প্রধান সৃষ্টি সাহিত্য ও সংগীতের মাধ্যমে আমরা নজরুলকে পরবর্তী প্রজন্মের কাছে উপস্থাপন করতে চাই।’প্রধানমন্ত্রী বহুল প্রচলিত সব ভাষায় নজরুলের সাহিত্যকর্মের অনুবাদের ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ব্যাপারে সরকারের সহায়তা অব্যাহত থাকবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস, এনডিসি, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক রশীদ হায়দার ও কবিপরিবারের সদস্য খিলখিল কাজী বক্তব্য দেন।

নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম কবি নজরুলের ওপর স্মারক বক্তব্য পেশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার নজরুল, রবীন্দ্রনাথ ও অন্যান্যের সাহিত্যকর্ম সংরক্ষণের সব ধরনের উদ্যোগ নিয়েছে।