বজলুর রহমান সৎ ও নির্ভীক সাংবাদিকতার অনন্য পথিকৃৎ ছিলেন। তিনি নিভৃতে কাজ করতেন। বৃহত্তর মানুষের কল্যাণ এবং গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল তাঁর ধ্যান-জ্ঞান।
মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতার জন্য বজলুর রহমান স্মৃতিপদক, ২০১৫ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। জাতীয় জাদুঘর মিলনায়তনে গতকাল রোববার এ অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিবেদনের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দুজন সাংবাদিককে বজলুর রহমান স্মৃতিপদক দেওয়া হয়। প্রিন্ট মিডিয়া বিভাগে দৈনিক গণমুখ-এর স্টাফ রিপোর্টার ইজাজ আহমেদ এবং ইলেকট্রনিক মিডিয়া বিভাগে মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মৌমিতা জান্নাত এবার এ পুরস্কার পেলেন। পুরস্কার হিসেবে বিজয়ীদের এক লাখ টাকা এবং একটি ক্রেস্ট দেওয়া হয়।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, সাংবাদিকতার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধ প্রস্তুতিতে বজলুর রহমানের অবদান রয়েছে। তিনি খেলাঘরের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। প্রখর মেধাদীপ্ত একজন মানুষ ছিলেন তিনি।
স্পিকার আরও বলেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন, যাঁরা নিজের জন্য কিছু করেন না, কেবল দিয়ে যেতেই ভালোবাসেন।
বজলুর রহমান ছিলেন তেমন একজন মানুষ।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ ধরনের মানুষ যখন হারিয়ে যান, তখন সমাজ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি প্রখ্যাত মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যানকে উদ্ধৃত করে বলেন, সাংবাদিকতার সর্বোচ্চ আইন হচ্ছে সত্য কথা বলা। বজলুর রহমান বিশ্বাস করতেন, সত্য বলা ছাড়া সাংবাদিকতার কোনো দায়িত্ব নেই। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত এ দায়িত্ব পালন করে গেছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী ও জিয়াউদ্দিন তারিক আলী, নওয়াজেশ আলী খান ও এ এস এম শামছুল আরেফিন।