অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নিয়ে চট্টগ্রামে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রামের নন্দনকাননে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। এরপর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী শহীদবেদিতে ফুল দেন।

নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে নেতা-কর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
নগরের এম এ আজিজ স্টেডিয়ামে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর পুলিশের কমিশনার আবদুল জলিল মণ্ডল, জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন প্রমুখ। কুচকাওয়াজ শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া হাসপাতাল, এতিমখানা ও কারাগারে উন্নত মানের খাবার পরিবেশিত হয়।
নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা গতকাল ষোলশহর বিপ্লব উদ্যানে শ্রদ্ধা জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: দিবসটি উপলক্ষে গতকাল সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
উপাচার্য বলেন, অশুভ শক্তিকে প্রতিহত করাই হোক স্বাধীনতা দিবসের শপথ। সহ-উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আলমগীর চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন সেকান্দার চৌধুরী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বেনু কুমার দে, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, সিন্ডিকেট সদস্য সৌরেন বিশ্বাস, প্রাধ্যক্ষ কমিটির আহ্বায়ক সুলতান আহমেদ, প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রমুখ। এর আগে সকাল আটটায় স্বাধীনতা স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপাচার্য ও সহ-উপাচার্য। এরপর সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠন।
নোয়াখালী: ৩১ বার তোপধ্বনি, শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরীফ।
এরপর আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, প্রথম আলো বন্ধুসভা, আইনজীবী সমিতি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ভারপ্রাপ্ত উপাচার্য আবুল হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
ফেনী: স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করার আহ্বান জানিয়ে বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে দিবসের সূচনা হয়। সকালে ৩১ বার তোপধ্বনির পর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার, পুলিশ সুপার মো. রেজাউল করিম, সাংসদ নিজাম উদ্দিন হাজারী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা)