অসাম্প্রদায়িক শক্তির ঐকের আহ্বান

সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতা দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। ক্ষমতাকেন্দ্রিক সুবিধাবাদের রাজনীতি এ দেশে সাম্প্রদায়িক শক্তির ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। এদের রুখতে অসাম্প্রদায়িক শক্তির ঐক্য জরুরি।
গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশে নাগরিক সমাজের প্রতিনিধিরা এ অভিমত প্রকাশ করেন। বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, দেশকে সাম্প্রদায়িকতামুক্ত করতে হলে বাহাত্তরের সংবিধানের পুনঃপ্রবর্তন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক শক্তিকে রুখতে দেশের সর্বত্র ব্রিগেড গড়ে তুলতে হবে।
রামু, উখিয়া, সাঁথিয়া সর্বশেষ বরিশাল—দেশে একের পর এক সাম্প্রদায়িক সহিংসতা ঘটলেও এটি প্রতিরোধে রাজনৈতিক প্রয়াস না থাকার সমালোচনা করেন বক্তারা। তাঁরা বললেন, এ দেশ যারা চায়নি, সেই সাম্প্রদায়িক অপশক্তি এসব ঘটনার পেছনে। ১৯৭১-এর অপরাধে এরা বিচারের সম্মুখীন হওয়ায় এখন সাম্প্রদায়িকতাকেই অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। আর এর জন্যই ঘটছে সহিংসতা।
সমাবেশের সভাপতি জাতীয় কমিটির আহ্বায়ক কামাল লোহানী বলেন, যে-ই ক্ষমতায় যায় সে-ই ধর্মান্ধ শক্তির সঙ্গে আপস করে।
সমাবেশে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ক্ষমতাসীন ১৪ দল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হলেও ভোটের রাজনীতির জন্য রাষ্ট্রধর্মকে বাতিল করেনি। এই দ্বৈধতা সমাজে ছড়িয়ে পড়েছে। সমাজে দ্বন্দ্ব ছড়িয়ে দিয়েছে।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায় বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলার পর ক্ষতিগ্রস্তদের ত্রাণসহায়তা না দেওয়ার আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশে বলেন, ত্রাণ না দিয়ে তাদের নিরাপত্তা দিন।
ইকবালুর রহমান খানের পরিচালনায় গতকালের সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক রানা দাশগুপ্ত, কেন্দ্রীয় খেলাঘরের আহ্বায়ক মাহফুজা খানম প্রমুখ।
সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন জাতীয় কমিটির অন্যতম নির্বাহী কমিটির অন্যতম সদস্য জামশেদ আনোয়ার। সমাবেশের শুরুতে উদীচী শিল্পীগোষ্ঠী গণসংগীত পরিবেশন করে। সমাবেশ শেষে একটি মশাল মিছিল শহীদ মিনার থেকে শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে শেষ হয়।