অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে সংগঠিত করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম কংগ্রেস সম্মেলনের শেষ দিনে সমবেত কণ্ঠে ওয়ার্কার্স পার্টির আন্তর্জাতিক সংগীত পরিবেশন করেন নবনির্বাচিত সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ অতিথিরা  ছবি: প্রথম আলো
নবম কংগ্রেস সম্মেলনের শেষ দিনে সমবেত কণ্ঠে ওয়ার্কার্স পার্টির আন্তর্জাতিক সংগীত পরিবেশন করেন নবনির্বাচিত সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ অতিথিরা ছবি: প্রথম আলো

অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে সংগঠিত করার ঘোষণার মধ্য দিয়ে গতকাল রোববার রাজশাহীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস শেষ হয়েছে।
এতে পার্টির সভাপতি পদে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন
সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
রাজশাহী শিল্পকলা একাডেমীতে দলীয় প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। বিকেলে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। রাদেশ খান মেনন ওই কমিটি ঘোষণা করেন। একই সঙ্গে ৪৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ও ২৯ সদস্যবিশিষ্ট বিকল্প কেন্দ্রীয় কমিটির সদস্য মিলে মোট ৭৫ সদস্যবিশিষ্টি কমিটি ঘোষণা করেন তিনি।
কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় রাশেদ খান মেনন বলেন, ‘এ কমিটির সদস্যদের নিয়ে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে সংগঠিত করা হবে। সাম্প্রদায়িক মৌলবাদ ও সাম্রাজ্যবাদ রুখে দেওয়া হবে।’
রাশেদ খান মেনন আরও বলেন, ‘দলের নবগঠিত কমিটি স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করবে। একই সঙ্গে তৃণমূলের জনগণকে সংগঠিত করে গণতান্ত্রিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।’
চার দিনব্যাপী এই কংগ্রেসে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের আলোকে রাশেদ খান মেনন বলেন, ভারত ও বাংলাদেশের সম্প্রদায়িক শক্তির বাধার কারণেই তিস্তার পানির ন্যায্য হিস্যা পাওয়া যাচ্ছে না।
সাধারণ সম্পাদক ফজলে হাসেন উগ্র সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের থাবা থেকে রক্ষায় সামনে থেকে নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন কেন্দ্রীয় কমিটিতে পলিট ব্যুরোর সদস্য নির্বাচিত হন: আনিসুর রহমান মল্লিক, বিমল বিশ্বাস, নুরুল হাসান, হাফিজুর রহমান ভুঁইয়া, শফিউদ্দিন আহমেদ, সুশান্ত দাস, মাহমুদুল হাসান, মনোজ সাহা, নূর আহমদ বকুল, ইকবাল কবির, হাজেরা সুলতানা, কামরুল আহসান, আমিনুল ইসলাম ও মুস্তফা লুৎফুল্লাহ।
দলের নবম কংগ্রেসে সারা দেশ থেকে ছয় শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশ নেন। কংগ্রেসে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও কোরিয়ার কমিউনিস্ট এবং ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিরা অংশ নেন।