অসাম্প্রদায়িক চেতনাকে প্রশ্নবিদ্ধ করতেই হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সনাতন ধর্ম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনাকে প্রশ্নবিদ্ধ করতেই এই হামলা চালানো হয়েছে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, নাসিরনগরে হামলা ছিল বাংলাদেশের অগ্রগতি রুখে দেওয়ার গভীর ষড়যন্ত্র। বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে চলেছে, এটা স্বাধীনতাবিরোধীরা মেনে নিতে পারছে না। তারা পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে এই বর্বর হামলা চালিয়েছে। তাদের মূল উদ্দেশ্যই বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে প্রশ্নবিদ্ধ করা। কিন্তু এ দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একাত্তরের পরাজিত শক্তি বারবার এ দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সংখ্যালঘু গোষ্ঠীর ওপর হামলা চালাচ্ছে। বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ধ করাই তাদের উদ্দেশ্য। সাম্প্রদায়িক অপশক্তি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে। স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। নাসিরনগরে হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সনাতন ধর্ম পরিষদের সভাপতি ও রসায়ন বিভাগের অধ্যাপক তাপসী ঘোষ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীন আখতার, সহকারী প্রক্টর লিটন মিত্র, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, অধ্যাপক শ্যামল রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক জিনবোধি ভিক্ষু, অধ্যাপক সজীব কুমার ঘোষ, অধ্যাপক দ্বৈপায়ন সিকদার প্রমুখ।