ইসকনের উল্টো রথযাত্রায় গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন
অসাম্প্রদায়িক চেতনার উর্বর ভূমি চট্টগ্রাম
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত (ইসকন) আয়োজিত উল্টো রথযাত্রা অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, চট্টগ্রাম অসাম্প্রদায়িক চেতনার উর্বর ভূমি। এখানে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে প্রত্যেকে যার যার ধর্মীয় উৎসব পালন করে আসছে যুগ যুগ ধরে। দেশে জঙ্গিবাদী এবং গুপ্তহত্যার যে তৎপরতা শুরু হয়েছে তা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না।
১৪ জুলাই ডিসি হিল প্রাঙ্গণে আয়োজিত উল্টো রথযাত্রায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। বাংলাদেশ ইসকনের সহসভাপতি শ্রীপাদ নবদ্বীপ দ্বীজ গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারীর সভাপতিত্বে ও সুমন চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের নেতা রাখাল দাশ গুপ্ত, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, পুণ্ডরীক বিদ্যানিধি স্মৃতি সংসদের সভাপতি প্রফুল্ল রঞ্জন সিংহ, সিডিএ বোর্ড মেম্বার ইউনুছ গনি চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে ইসকনের উল্টো রথযাত্রা ডিসি হিল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দনকানন ইসকন রাধামাধব মন্দিরে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি।