>সুপ্রিম কোর্ট চত্বর থেকে গত বৃহস্পতিবার রাতে আলোচিত ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছে। হেফাজতে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন এটি সরিয়ে ফেলার দাবি জানিয়ে আসছিল। প্রথম আলোর কাছে ভাস্কর্যটি সরিয়ে ফেলার প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের মন্ত্রী ও বিশিষ্টজনেরা
এই ভাস্কর্য নিয়ে একটি ধোঁয়াশা তৈরি করা হয়েছে। সরকারের পক্ষে মন্ত্রীরা বলেছেন, তাঁরা এটি স্থাপন করেননি। তাহলে কারা করেছে, তা আমরা জানলাম না। এখন এটি অন্য কোথাও স্থাপন করা হোক বা যেভাবেই রাখা হোক, একটি প্রতিক্রিয়াশীল দলের দাবির মুখে আমরা ভাস্কর্যটি সরালাম। এটা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। আমারা স্বাধীন বাংলাদেশে যে অসাম্প্রদায়িক চেতনার গর্ব করি, তা আঘাত পেল। প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি প্রতিক্রিয়াশীলদের কাছে এভাবে হার মানলে নতুন করে অপশক্তির উদ্ভব ঘটে। এর নেপথ্যে কারা কাজ করছে, তা জানার অধিকার দেশবাসীর রয়েছে
রাশেদা কে চৌধূরী : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা