অসাম্প্রদায়িক দেশ গড়তে সংস্কৃতির বিকাশ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নবনির্মিত ভবন উদ্বোধনের পর মোনাজাত করেন l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নবনির্মিত ভবন উদ্বোধনের পর মোনাজাত করেন l ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে নারী-পুরুষের সমান সুযোগ সৃষ্টির প্রয়োজন রয়েছে। একই সঙ্গে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক দেশ গড়তে সংস্কৃতির যথাযথ বিকাশও অত্যন্ত জরুরি।
রাজধানীর বেইলি রোডে গতকাল শনিবার বাংলাদেশ মহিলা সমিতির নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। খবর বাসসের।
নাট্য আন্দোলনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে একটাও বিশ্বমানের অত্যাধুনিক ডিজিটাল থিয়েটার নেই। আমরা তা প্রতিষ্ঠার উদ্যোগ নেব।’ তিনি আরও বলেন, ‘অর্থমন্ত্রী এ বিষয়ে আগ্রহী। কাজেই টাকাপয়সার সমস্যা হবে না। এই অত্যাধুনিক থিয়েটার হলটি এখানে অথবা পদ্মা সেতুর কাছে যে কনভেনশন সেন্টার নির্মাণ করা হচ্ছে, সেখানেও নির্মাণ করা যেতে পারে।’
শেখ হাসিনা বলেন, ‘থিয়েটারের প্রতি আমার আগ্রহ আছে। আগে আমি প্রায়ই থিয়েটারে নাটক দেখতাম। এখনো দেশের বাইরে গেলে থিয়েটারে নাটক দেখি। দেশের বাইরে থিয়েটারে দেখেছি মঞ্চে হেলিকপ্টার নামে, গাড়ি আসে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশে সেই মানের থিয়েটার নেই।’
স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে কম-বেশি সব সময়ই লুকিয়ে হলেও নাটক দেখতে আসতাম। বেইলি রোডে থাকতে বেশি আসা হতো। আমি তো শুধু নাটকই দেখতাম না, গ্রিন রুমে গিয়ে শিল্পীদের সঙ্গে কথাও হতো। কাজেই নাট্যাঙ্গনের সুবিধা-অসুবিধার সবই আমার জানা আছে।’
দেশে নারী অগ্রগতির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের স্পিকার একজন নারী এবং তিনি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদ নেতা, উপনেতা ও বিরোধীদলীয় নেতাও নারী। সংসদের মূল চারটি পদেই নারী নেতৃত্ব বর্তমান। জানি না এমন অবস্থা আর কোথাও কোনো দিন হবে কি না।’
প্রধানমন্ত্রী বাংলাদেশ মহিলা সমিতিকে দেশের নারী আন্দোলনের পুরোধা উল্লেখ করে এই সংগঠনের শীর্ষ দুই নেত্রী প্রয়াত নীলিমা ইব্রাহিম ও প্রয়াত আইভি রহমানের সঙ্গে কাটানো কিছু সময়ের খণ্ডস্মৃতি রোমন্থন করেন। তিনি বলেন, ‘এই নির্মাণকাজটি নিয়ে আমি অপেক্ষায় ছিলাম, কবে শেষ হয়। আজ আমাকে উদ্বোধনের আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণসচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন। সমিতির সভাপতি সিতারা আহসান উল্লাহ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। সংগঠনের সাধারণ সম্পাদিকা তানিয়া বখত প্রধানমন্ত্রীকে মহিলা সমিতির পক্ষে ক্রেস্ট উপহার দেন।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজের উদ্বোধন আজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় সূত্র এ খবর জানিয়েছে।
সূত্র জানায়, সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের জন্য ৭ হাজার ৭১৬ একর জমিতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল গঠন করবে। এখানে ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে। চট্টগ্রাম বন্দর থেকে ৬৭ কিলোমিটার দূরে এই মিরসরাই অর্থনৈতিক অঞ্চলটি অবস্থিত।