অসাম্প্রদায়িক দেশ গড়াই আমাদের লক্ষ্য: সমবায়মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে নজরুল সম্মেলনের উদ্বোধন উপলক্ষে আজ শহরে শোভাযাত্রা বের করা হয়। ছবি: প্রথম আলো
ফরিদপুরে নজরুল সম্মেলনের উদ্বোধন উপলক্ষে আজ শহরে শোভাযাত্রা বের করা হয়। ছবি: প্রথম আলো

স্থানীয় সরকার, পল্লী­ উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কবি নজরুল যে চেতনায় বিদ্রোহী কবিতা রচনা করেছিলেন, তার পরিপূর্ণ রূপ দিয়েছেন বঙ্গবন্ধু। নজরুলের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।
ফরিদপুরে আজ শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। বিকেল চারটার দিকে শহরের অম্বিকা ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে অম্বিকা ময়দানে এসে শেষ হয়।
খন্দকার মোশাররফ বলেন, ‘আপাদমস্তক অসাম্প্রদায়িক এই কবির লেখায় হিন্দু-মুসলমানের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। সে চেতনা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে স্বপ্ন বাস্তবায়ন করতে নজরুলের চেতনা ধারণ ও লালন করে আমাদের এগিয়ে যেতে হবে।’
কবি পরিবারের সদস্য ও নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য খিলখিল কাজী বলেন, ‘১৯৭২ সালে দাদুকে (কবি নজরুল) এবং আমাদের পরিবারকে দেশে নিয়ে আসেন বঙ্গবন্ধু। ওই সময় বঙ্গবন্ধু দাদুকে এ দেশে নিয়ে না এলে দাদু এভাবে সম্মানিত হতেন না বা তিনি জাতীয় কবি হতেন না।’
অনুষ্ঠানে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন, জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজী প্রমুখ বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢাকা ও ফরিদপুরের শিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করেন। এ ছাড়া একক সংগীত, একক আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করা হয়।
নজরুল ইনস্টিটিউট ও ফরিদপুরের জেলা প্রশাসন যৌথভাবে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। আগামী রোববার সম্মেলন শেষ হবে।