অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে বাংলা নতুন বছরকে বরণ করেছে সর্বস্তরের মানুষ। নগরের ডিসি হিল, সিআরবির শিরীষতলা, পতেঙ্গা সমুদ্রসৈকত, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল প্রাঙ্গণ, চারুকলা ইনস্টিটিউটসহ বিভিন্ন অনুষ্ঠানস্থলে ছিল মানুষের ভিড়। বর্ষবরণ উপলক্ষে গত রোববার সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে শুরু হয় অনুষ্ঠানমালা। সকালে মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা ১১টার পর থেকে সব জায়গায় উপচে পড়া ভিড় দেখা যায়। সব বয়সের নারী-পুরুষ অংশ নেয় পয়লা বৈশাখের অনুষ্ঠানে। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউ বন্ধুবান্ধবের সঙ্গে, কেউ বা বাবা-মায়ের হাত ধরে নতুন বছরকে স্বাগত জানাতে ভিড় করে সেখানে। অনেকের মুখে রাজাকারমুক্ত দেশ গড়ার স্লোগানসংবলিত আলপনাও দেখা যায়।ডিসি হিলে ভোরে সদারঙ্গের রাগসংগীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণের মূল আয়োজন শুরু হয়। এর পর থেকে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দলীয় সংগীত, আবৃত্তি ও দলীয় নৃত্য পরিবেশিত হয়। বর্ষবরণের এই আয়োজন করে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ। ডিসি হিলের বাইরের সড়কে বসে বৈশাখী মেলা। সেখানে বিভিন্ন ধরনের খাবার, শিশুদের খেলনাসহ গ্রামীণ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। সকালে সিআরবি শিরীষতলায় নববর্ষ উদ্যাপন পরিষদের বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয় কৃষ্টি নামের একটি সংগঠনের যন্ত্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে। সেখানে বেলা তিনটায় সাহাব উদ্দিনের বলীখেলা ও দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ও অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ শিরীষতলার অনুষ্ঠানে গিয়ে সংহতি জানায়। পাশাপাশি গড়ে তোলা হয় সম্প্রীতি বন্ধন। অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে গত রোববার সন্ধ্যায় সেখানে উপস্থিত হাজারো নারী-পুরুষ শপথবাক্য পাঠ করেন। মানবতাবিরোধী অপরাধীসহ দেশ থেকে সব অশুভ শক্তি দূর করার প্রত্যয় নিয়ে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা এবার মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেন। এ ছাড়া বর্ষবরণ পরিষদ, চট্টগ্রাম; শিশু একাডেমী, শিল্পকলা একাডেমী, চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফুলকিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানও বর্ষবরণে আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। এদিকে বাংলা বছর ১৪২০ সনকে বরণ করতে বাংলাদেশ মহিলা সমিতি প্রাঙ্গণে (বাওয়া স্কুল মাঠ) চতুর্দশবারের মতো উৎসবের আয়োজন করে বাংলা বর্ষবিদায় ও বরণ সম্মিলন পরিষদ। একইভাবে পতেঙ্গা সমুদ্রসৈকতেও ছিল বর্ষবরণের নানা আয়োজন। সেখানেও ভিড় করে সর্বস্তরের মানুষ। এ ছাড়া সিটি করপোরেশনের উদ্যোগে নগরের বাকলিয়ায় বর্ষবরণ উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। প্রতিটি অনুষ্ঠানস্থলে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ জানান, ডিসি হিল ও সিআরবিকে কেন্দ্র করে নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়। প্রায় দেড় হাজার অতিরিক্ত পুলিশ নগরে দায়িত্ব পালন করে। এ ছাড়া র‌্যাবের টহলও ছিল।