অসাম্প্রদায়িক পাঠ্যপুস্তক চাই
সাম্প্রদায়িকতামুক্ত দেশ গড়তে অসাম্প্রদায়িক পাঠ্যপুস্তকের কোনো বিকল্প নেই। একটি দেশকে ধ্বংস করতে হলে এর শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করলেই চলে। সেই কাজটিই এখন হচ্ছে। দেশের শিক্ষাব্যবস্থাকে পশ্চাদমুখী করা হচ্ছে। পাঠ্যপুস্তকে পরিবর্তন আনার সমালোচনা করে এ অভিযোগ করেছেন বিশিষ্ট ব্যক্তিরা। এক গোলটেবিল বৈঠকে তাঁরা বলেন, দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এর পরিণতি হবে ভয়ংকর।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের শিক্ষাধারার গতি-প্রকৃতি’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ এন রাশেদা। তিনি বলেন, ১৯৭৫ সালের পর থেকেই শিক্ষাব্যবস্থাকে পশ্চাদমুখী করা হচ্ছে। ২০১৭ সালের পাঠ্যপুস্তক নিয়ে বিতর্কের ঝড় উঠলেও হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী বলেছেন, দীর্ঘদিনের আন্দোলনের ফলে সরকারের নীতিনির্ধারকেরা বিষয়টির গুরুত্ব বুঝতে পেরেছেন। অথচ ২০১৭ সালে যেসব পরিবর্তন করা হয়েছে, সেগুলো বেদনদায়ক। তিনি প্রশ্ন রাখেন, ‘এমন পরিস্থিতিতে আমরা কি এখন বিষয়টি আলোচনা করেই শেষ করব, নাকি সরকারের কাছে এই দাবি জানাব, সাম্প্রদায়িকতামুক্ত দেশ গড়তে অসাম্প্রদায়িক পাঠ্যপুস্তক চাই।’
এ এন রাশেদা আরও বলেন, দেশের বিজ্ঞানশিক্ষার দুরবস্থা চলছে। মাদ্রাসাশিক্ষায় এখন অধিক মনোযোগ সরকারের। মাদ্রাসা পরিচালনায় কোনো নীতিমালা নেই। মাদ্রাসা উন্নয়নের নামে অপচয় হচ্ছে। শিক্ষাধারায় দুর্নীতি ঢুকে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নের নামে কর্মকর্তাদের বিদেশে ভ্রমণ চলছে। ২০০৫ সালের সচিবালয় বা মন্ত্রণালয়ের সাম্প্রদায়িক শক্তিগুলো বহাল তবিয়তে রয়েছে।
বৈঠকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা হায়দার আকবর খান রনো বলেন, মুক্তিযুদ্ধের চার দশক পর অবস্থা দেখে মনে হচ্ছে, দেশ আবার পাকিস্তানীকরণের দিকে যাচ্ছে। আবারও রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করার চেষ্টা চলছে। যে হেফাজতে ইসলাম এই সরকারের পতন ঘটানোর চেষ্টা করেছিল এবং খালেদা জিয়া যেখানে সহায়তা করেছিলেন, সেই হেফাজতের কথায় আজকে পাঠ্যপুস্তক বদলাচ্ছে। দলমত-নির্বিশেষ সবাইকে এর প্রতিবাদ করা উচিত।
ভাষাসৈনিক শরীফা খাতুন বলেন, ১৯৭৫-এর ১৫ আগস্ট যে বীজ বপন করা হয়েছিল, সেটি আজ মহিরুহে পরিণত হয়েছে। জাতিকে ঠিক করতে হলে শিক্ষাব্যবস্থা ঠিক করতে হবে। এ জন্য বোধ হয় আরেকটি যুদ্ধ করতে হবে।
সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘শিক্ষার উদ্দেশ্য চিন্তাভাবনা করার ক্ষমতা, প্রশ্ন করার ক্ষমতা, বিকাশের ক্ষমতা। কিন্তু যে অবস্থা চলছে, তাতে বিকাশের বদলে অন্ধকারের দিকে যাচ্ছি আমরা। শিক্ষার ব্যাপক রাজনীতিকীকরণ হয়েছে। দুর্নীতিকরণ হয়েছে। শিক্ষার সাম্প্রদায়িকীকরণ হয়েছে। এ পরিস্থিতি আত্মঘাতী। জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, পাঠ্যপুস্তকের ভুলসহ অন্যান্য সমস্যার জন্য আলাদা করে কর্মসূচি নেওয়া উচিত। চরম অদক্ষ, চরম দুর্নীতিবাজ লোকদের হাতে পড়েছে বলেই পাঠ্যপুস্তকের আজ এই সমস্যা।
দেশের শিক্ষা খাতে নানামুখী সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবাই এখন সোনার ছেলে, সোনার মেয়ে চান। শিশুকাল থেকেই ছেলেমেয়েরা গাইড বই পড়ছে। সেটা তো বন্ধ করা যায়নি। এখন ছেলেমেয়েরা বিজ্ঞান পড়ে না। কাজেই বিজ্ঞানমনস্ক হবে কী করে? এক শ্রেণি ইংরেজি মাধ্যমে পড়ছে। কারণ, ইংরেজির কদর বেশি। তারা দেশ বোঝে না, সমাজ বোঝে না। আবার ইংরেজি মাধ্যমসহ সাধারণ শিক্ষাক্রমেই ব্যয়বহুল হয়ে পড়ছে। ফলে আর্থিকভাবে অসচ্ছল লোকজন তাঁদের ছেলেমেয়েদের মাদ্রাসায় পাঠাচ্ছেন। তাঁদের সংখ্যাও অনেক।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, শিক্ষার সাম্প্রদায়িকীকরণ হচ্ছে। শিশু-কিশোরেরা নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। শিক্ষা খাতে এত বড় সংকট চললেও রাজপথে সেভাবে ছাত্রদের প্রতিবাদ নেই।
গবেষক স্বপন আদনান বলেন, দেশের শিক্ষাব্যবস্থা যেন এখন একটি প্রকল্প। মেধাশূন্য জাতির দিকে যাচ্ছে বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের ঢাকা জেলা সম্পাদক মুজবাহ আলিম। সুজনের জাতীয় কমিটির সদস্য সঞ্জীব দ্রং, কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার, ঢাকা মহানগরের সম্পাদক সেলিমা নাসিরসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।