সাম্প্রদায়িকতামুক্ত দেশ গড়তে হলে অসাম্প্রদায়িক পাঠ্যপুস্তকের বিকল্প নেই। একটি দেশকে ধ্বংস করতে হলে এর শিক্ষাব্যবস্থা ধ্বংস করলেই চলে। সেই কাজটিই এখন হচ্ছে।
পাঠ্যপুস্তকে পরিবর্তন আনার সমালোচনা করে এই অভিযোগ করেছেন বিশিষ্ট ব্যক্তিরা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের শিক্ষাধারার গতিপ্রকৃতি’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে এ এন রাশেদা বলেন, ২০১৭ সালের পাঠ্যপুস্তক নিয়ে বিতর্কের ঝড় উঠলেও হেফাজতে ইসলামের আমির বলেছেন, দীর্ঘ আন্দোলনের ফলে সরকারের নীতিনির্ধারকেরা বিষয়টির গুরুত্ব বুঝতে পেরেছেন। অথচ ২০১৭ সালে যেসব পরিবর্তন করা হয়েছে সেগুলো বেদনাদায়ক।
বৈঠকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো বলেন, মুক্তিযুদ্ধের চার দশক পর অবস্থা দেখে মনে হচ্ছে, দেশ আবার পাকিস্তানীকরণের দিকে যাচ্ছে। যে হেফাজতে ইসলাম এই সরকারের পতন ঘটানোর চেষ্টা করেছিল এবং খালেদা জিয়া যেখানে সহায়তা করেছিলেন, সেই হেফাজতে ইসলামের কথায় আজকে পাঠ্যপুস্তক বদলাচ্ছে।
ভাষাসৈনিক শরীফা খাতুন বলেন, ১৯৭৫-এর ১৫ আগস্ট যে বীজ বপন করা হয়েছিল সেটি আজ মহিরুহে পরিণত হয়েছে। জাতিকে ঠিক করতে হলে শিক্ষাব্যবস্থা ঠিক করতে হবে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, চরম অদক্ষ ও দুর্নীতিবাজ লোকদের হাতে পড়েছে পাঠ্যপুস্তক। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘শিক্ষার উদ্দেশ্য চিন্তাভাবনা করার ক্ষমতা, প্রশ্ন করার ক্ষমতা, বিকাশের ক্ষমতা। কিন্তু যে অবস্থা চলছে তাতে বিকাশের বদলে অন্ধকারের দিকে যাচ্ছি আমরা।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, শিক্ষা খাতে এত বড় সংকট চললেও রাজপথে সেভাবে ছাত্রদের প্রতিবাদ নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের ঢাকা জেলা কমিটির সম্পাদক মুসবাহ আলীম। এ সময় সুজনের জাতীয় কমিটির সদস্য স্বপন আদনান, সঞ্জিব দ্রং ও রোবায়েত ফেরদৌস, ঢাকা মহানগর কমিটির সম্পাদক সেলিমা নাসিরসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। সঞ্চালনা করেন সুজনের সমন্বয়কারী দিলীপ সরকার।