হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সঙ্গে ১৪ দলের মতবিনিময়
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপস নেই
সংখ্যালঘুদের ওপর আক্রমণকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া এবং সংখ্যালঘুদের ওপর আঘাত মোকাবিলায় আপস করবেন না ঘোষণা দিয়েছেন ১৪ দলের নেতারা।ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক মতবিনিময় সভায় গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন ১৪ দল ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে এই মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘দানবের হাতে আজ মানুষ আক্রান্ত। দানবের বিরুদ্ধে লড়ছি, লড়ব এবং বিজয়ী হব।’ সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোহাম্মদ নাসিম বলেন, যেসব স্থানে ১৪ দল সাংগঠনিকভাবে শক্তিশালী, সেখানে সংখ্যালঘুদের ওপর হামলা হয়নি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সংখ্যালঘুদের ওপর আঘাত মোকাবিলায় ১৪ দল বা রাষ্ট্রের ব্যর্থতা থাকলে এর দায়ও নিতে হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, অনেকে বলে পুলিশ আরেকটু কৌশলী হতে পারত। এই কৌশলী অবস্থান নিতে নিতে সরকারের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আক্রমণাত্মক হওয়ার বিকল্প নেই। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।ঐক্য পরিষদের নেতা বিপ্লব বড়ুয়া বলেন, ‘সম্প্রতি সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে নির্যাতন চলছে, তাতে অধিকাংশ জায়গায় প্রশাসনের শৈথিল্য ছিল। প্রশাসন ঠিকমতো ব্যবস্থা নেয়নি।’সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ঐক্য পরিষদের নেতা রানাদাস গুপ্ত, কানুতোষ মজুমদার, সুব্রত চৌধুরী, উইলিয়াম প্রলয় সমাদ্দার, কাজল দেব নাথ, প্রিয়া সাহা, শচীন কর্মকার প্রমুখ।