
অনুষ্ঠান শুরু হতে খানিক বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তন। অর্ধেক আসন পূর্ণ হয়ে গেছে। নিত্যদিনের মতোই সাদা একটা শার্ট আর কালো প্যান্ট পরা অধ্যাপক অজয় রায় প্রবেশ করলেন। সবাই সশ্রদ্ধচিত্তে উঠে দাঁড়ালেন, যেমন শিক্ষক ক্লাসে প্রবেশ করলে ছাত্ররা উঠে দাঁড়ায়।
অজয় রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে অবসর নেন ২০০০ সালে। এরপর ক্লাসরুমে প্রবেশের মতো দিনটি একটু ব্যতিক্রম। কেননা, গতকাল বৃহস্পতিবার তিনি পা দিয়েছেন ৮১তম বছরে। এখানে তাঁর ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এই প্রবীণ অধ্যাপক।
জন্মদিনে অনুভূতি প্রকাশ করে অধ্যাপক অজয় রায় বলেন, ‘আমাদের সময় শেষ, আমরা চলে যাব। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা যদি কোনো পথ দেখাতে পারি, তবে সেটা তোমরা আরও দৃঢ়, আরও মজবুত করে তুলবে।’
‘জন্মদিন উদ্যাপন জাতীয় কমিটি’ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন জাতীয় কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তাঁরা দুজনই অজয় রায়কে শুভেচ্ছা জানান। নাগরিক কমিটির পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দেন সদস্যসচিব অধ্যাপক আজিজুর রহমান, জিয়াউদ্দিন তারিক আলী, নূর মোহাম্মদ তালুকদার প্রমুখ। মানপত্র পাঠ করেন মফিদুল হক।
মানপত্রে বলা হয়, বিজ্ঞান, যুক্তিবাদ, স্বদেশপ্রেম, শিক্ষাব্রত, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক বাঙালি চেতনায় নিবিড়ভাবে সমর্পিত দ্যুতিময় জীবনকীর্তির অধিকারী অধ্যাপক অজয় রায় বাংলাদেশ ও বাঙালির মনন ও মুক্তিসাধনার অনন্য রূপকার। তিনি সমাজ ও মানুষকে নানাভাবে সম্পদবান করে চলেছেন। তাঁর মানবসত্তার পূর্ণতা ও বিভূতি বিস্ময়ে অভিভূত করে, সেই সঙ্গে মানুষ হিসেবে তাঁর নম্রতা, বিনয়, সহমর্মিতা করে মুগ্ধ। পাশাপাশি দেখা যায় ধর্মান্ধ, পশ্চাৎপদ ও কুসংস্কারাচ্ছন্ন চিন্তার বিরুদ্ধে তাঁর তেজোদীপ্ত অবস্থান।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, পদার্থবিজ্ঞানের বাইরে ইতিহাস ও নৃতত্ত্ব নিয়ে গভীরভাবে কাজ করেছেন অধ্যাপক অজয় রায়। তাঁর অঘোষিত লক্ষ্য ছিল ধর্মনিরপেক্ষভাবে বাংলাদেশের ইতিহাস চর্চা করা। সমগ্র শিক্ষাজীবনে তিনি দেশের জন্য সেভাবে নিজেকে উৎসর্গ করেছেন।
এ সময় অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত প্রমুখ বক্তব্য দেন।
অধ্যাপক অজয় রায় ১৯৩৬ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর করে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন। ১৯৬৬ সালে লিডস বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টর অব ফিলোসফি’ ডিগ্রি লাভ করেন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে রিডার হিসেবে যোগ দেন। অধ্যাপনা ছাড়াও তিনি বাংলাদেশে মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন এবং স্বাধীন ও মুক্তচিন্তার জন্য প্রসিদ্ধ। তিনি বাংলা ত্রৈমাসিক মুক্তান্বেষা ম্যাগাজিনের প্রধান সম্পাদক, ইন্টারনেট ফোরাম ‘মুক্ত-মনা’র অন্যতম উপদেষ্টা, শিক্ষা আন্দোলন মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সম্প্রীতি মঞ্চের চেয়ারম্যান। ২০১২ সালে তিনি ‘একুশে পদক’ পান।