সিলেটে সেক্টর কমান্ডারস ফোরামের মতবিনিময়
অসাম্প্রদায়িক রাষ্ট্র দিয়ে যেতে যুদ্ধাপরাধীদের বিচার প্রয়োজন
নতুন প্রজন্মকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র দিয়ে যেতে যুদ্ধাপরাধীদের বিচার প্রয়োজন। এ বিচারের মাধ্যমেই ৩৯ বছরের গ্লানি দূর করে জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। গতকাল বুধবার বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই’ দাবির সপক্ষে সিলেটের শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে সংহতি ও মতবিনিময় সভায় বাংলাদেশ সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা এ আহ্বান জানান।দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির সপক্ষে সংহতি ও মতবিনিময় সভার আয়োজনের অংশ হিসেবে গতকাল বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাচার্য সালেহ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বীরউত্তম, ভাইস চেয়ারম্যান কে এম শফিউল্লাহ বীরউত্তম, আবু ওসমান চৌধুরী, মহাসচিব হারুন অর রশীদ বীরপ্রতীক, নির্বাহী সদস্য মুহম্মদ শাহজালাল হাওলাদার ও হাফেজ জিয়াউল হাসান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফারুকউদ্দিন আহমদের সঞ্চালনে সভায় আরও বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল আউয়াল, সাংসদ শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।মার্চকে জাতির জন্য অগ্নিঝরা মাস হিসেবে আখ্যা দিয়ে এ কে খন্দকার বলেন, ‘এমন মাস পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। সেই সময় বঙ্গবন্ধু কোনো এমপি কিংবা মন্ত্রী ছিলেন না। অথচ তাঁর নির্দেশ সবাই পালন করেছে। নিরীহ মানুষকে যারা অকাতরে হত্যা করেছে, তাদের যারা সহযোগিতা করেছে, তাদের দোসরদের বিচার হবে না—তা হতে পারে না।’সেক্টর কমান্ডারস চত্বর: সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা গতকাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে গোলচত্বরের পাশে ফাঁকা জায়গায় ১১ সেক্টর কমান্ডারের নামে ১১টি গাছ রোপণ করেন। পরে তাঁদের নিয়ে সংহতি ও মতবিনিময় সভার শুরুতে আয়োজক কমিটির আহ্বায়ক মুহম্মদ জাফর ইকবাল গোলচত্বরের পাশে ফাঁকা জায়গাটিকে সেক্টর কমান্ডারস চত্বর হিসেবে ঘোষণা করেন।