১০ নভেম্বর দিনটি আসলে সাদামাটা নয়। নূর হোসেন গণতন্ত্রের লড়াইয়ে মৃত্যুকে বরণ করেছিলেন ১৯৮৭ সালের এই দিনে। পাহাড়ি মানুষের অধিকার আন্দোলনের লড়াই চলতেই ১৯৮৩ সালের এই দিনে নিহত হয়েছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা)। কাকতালীয়ভাবে গতকাল ১০ নভেম্বর শনিবার জাতিসংঘ সারা বিশ্বে পালন করল মালালা ইউসুফজাইয়ের সম্মানে ‘মালালা দিবস’। দেশ-কাল-সমাজের ভিন্নতায় ঘটনাগুলোর ভিন্নতা আছে বটে কিন্তু একটা বিষয়ে রয়েছে আশ্চর্য মিল—প্রতিটি ঘটনা আত্মত্যাগের মহিমায় ভাস্বর। এম এন লারমার ২৯তম মৃত্যবার্ষিকীর স্মরণসভায় গতকাল তাঁর সহযোদ্ধা, রাজনীতিক, বুদ্ধিজীবী এবং সমাজকর্মীরাও জানান, লারমা শুধু পাহাড়ি মানুষের নেতা ছিলেন না, তাঁর সংগ্রাম কেবল পাহাড়ি মানুষের জন্যই পরিচালিত হয়নি, এর মূল চেতনা ছিল পাহাড়ি-বাঙালি-জাতি-ধর্মনির্বিশেষে পৃথিবীর সব মানুষের মুক্তি।এম এন লারমার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গঠিত জাতীয় কমিটি এই স্মরণসভার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এই সভার সঙ্গে ছিল এম এন লারমার জীবন ও কর্ম নিয়ে চিত্র প্রদর্শনী ও গণসংগীত পরিবেশনা।আদিবাসী মানুষের স্বাতন্ত্র্যের স্বীকৃতি না মেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা ও স্বাধীন বাংলাদেশের প্রথম সাংসদ এম এন লারমা ১৯৭২ সালের সংবিধানকে মেনে নিতে পারেননি। গতকাল লারমার স্মৃতির তর্পণে সাংসদ রাশেদ খান মেনন জানান, এম এন লারমা সংবিধান প্রণয়নের সময় বারবার এ দেশের জাতি-বৈচিত্র্যের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। কিন্তু সংসদে তাঁর কথা গ্রাহ্য হয়নি। পঞ্চদশ সংশোধনীর পরও সংবিধানে আদিবাসী মানুষের স্বীকৃতি মেলেনি, তাঁদের বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।সভার সভাপতি গণঐক্য কমিটির আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য জানান, যুদ্ধাপরাধীদের বিচার যখন শেষের দিকে যাচ্ছে, তখন পরাজিত শক্তি বেশি সক্রিয় হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলা এর একটি প্রমাণ। এই শক্তিকে রুখতে অসাম্প্রদায়িক শক্তির ঐক্য কামনা করেন তিনি। আলোচনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ জানান, এম এন লারমার সংগ্রাম যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ছিল তারা আজও এ দেশে সক্রিয়।সভায় আরও বক্তব্য দেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, জেএসএস নেতা শক্তিপদ ত্রিপুরা, জাসদ নেত্রী শিরিন আকতার, সাংবাদিক আবু সাঈদ খান প্রমুখ।