অসাম্প্রদায়িক শিক্ষানীতি ও পাঠ্যসূচির দাবি
বিভিন্ন শ্রেণির পাঠ্যসূচিতে যে অসংগতি দেখা যাচ্ছে, তা বাংলাদেশের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের পাঠ্যসূচির পরিবর্তন করতে হবে। পাশাপাশি, যাঁরা এই পাঠ্যসূচি অনুমোদন করেছেন, তাঁদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
‘অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক মানবিক নারী-পুরুষ সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষানীতি ও পাঠ্যসূচি চাই’ শীর্ষক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার বছরের শুরুতেই শিশুদের হাতে বই তুলে দিয়েছে, বিষয়টি ইতিবাচক। কিন্তু পাঠ্যসূচিতে যে পরিবর্তন এসেছে, তা মুক্তিযুদ্ধের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। হেফাজতে ইসলামের দাবি পূরণ করতে পাঠসূচিতে যে পরিবর্তন করা হয়েছে, তা আমাদের মূল্যবোধের অবক্ষয়ের প্রতিচ্ছবি। এতে তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে; জাতির অগ্রগতি থমকে যাবে।
সংগঠনের সভাপতি আয়শা খানম বলছেন, ‘আমরা সামরিকতন্ত্র-স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। আর এখন অসাম্প্রদায়িক পাঠ্যসূচির দাবিতে রাজপথে দাঁড়াতে হচ্ছে; যখন মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার রাষ্ট্র পরিচালনা করছে। বিষয়টি আমাদের জন্য দুঃখজনক। আমরা অসাম্প্রদায়িক-লিঙ্গসমতাভিত্তিক শিক্ষানীতি ও পাঠ্যসূচি চাই। অবিলম্বে এই পাঠ্যসূচির পরিবর্তন করতে হবে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে যে সংযোজন হয়েছে, তা পিতৃতান্ত্রিক ও সাম্প্রদায়িক। শিক্ষাক্ষেত্রে নারী-পুরুষের যে সমতা আনার কথা বলা হয়েছে, তা এতে বিঘ্নিত হবে। পাশাপাশি, নারীর জন্য এটি প্রতিবন্ধকতাস্বরূপ। পাঠ্যসূচিতে যাঁরা এই পরিবর্তন এনেছেন, তদন্তের মাধ্যমে বের করে তাঁদের উপযুক্ত শাস্তি দিতে হবে।
সংগঠনের সহসভাপতি রেখা চৌধুরী মানববন্ধনটি পরিচালনা করেন। এতে সংগঠনটির ৫৩টি জেলা শাখা থেকে নেতা-কর্মী ও সংগঠকেরা অংশগ্রহণ করেন।