অসাম্প্রদায়িক সমাজ গড়ার চেতনা মানুষকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, অসাম্প্রদায়িক সমাজ গড়ার চেতনা জনগণকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল। এ জন্য মুক্তিযুদ্ধ-পরবর্তী সংবিধানে রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির অন্যতম ছিল ধর্মনিরপেক্ষতা। পঞ্চম সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণাসংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের ফলে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো ফিরে আসবে। গতকাল শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলা অঙ্গনে মহানগর সর্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। আইনমন্ত্রী বলেন, ১৯৭৯ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে সামরিক ফরমান জারি করে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ’৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সংবিধান পরিবর্তনসহ অন্য সব কার্যক্রমের বৈধতা দেয়। অনুষ্ঠানে আইনমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের কল্যাণে হিন্দু ফাইন্ডেশন গঠন, দেবোত্তর সম্পত্তি রক্ষা বোর্ড গঠন, শত্রু সম্পত্তি আইন বাতিলসহ বিভিন্ন পদক্ষেপ বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত ঐতিহাসিক রায়ের মাধ্যমে প্রমাণিত হলো, সুপ্রিম কোর্ট ন্যায়বিচারের জায়গা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী, সর্বজনীন পূজা কমিটির উপদেষ্টা ললিত মোহন নাথ, সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীরেশ চন্দ্র সাহা ও সদস্যসচিব বাবুল দেবনাথ। সর্বজনীন পূজা কমিটির সভাপতি কাজল দেবনাথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি।