অসাম্প্রদায়িক সমাজ নির্মাণের প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের প্রতীকী মুখোশ আর নানা রকম প্রতিকৃতি। কারও হাতে, আবার কারও মাথায় বাঁধা জাতীয় পতাকা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের এমনই বর্ণিল বিজয় শোভাযাত্রায় সমবেত হয়েছিলেন সাধারণ মানুষও।
গতকাল সোমবার বিজয় দিবসে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের চেতনা, শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। দুষ্কৃতকারীদের প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় প্রবীণ-নবীন প্রজন্ম মিলে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সংস্কৃতিকর্মীরা। এবারের বিজয় দিবসে জোটের স্লোগান ‘জয় সর্বকালের বাংলা, জয় সর্বধর্মের বাংলা, জয় সর্বমানবের বাংলা’।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল ১০টায় শুরু হয় বর্ণাঢ্য এ শোভাযাত্রা। সংস্কৃতিকর্মীদের পাশাপাশি শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকেন নারী, শিশু, তরুণসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার নানা বয়সের মানুষ। শিশু-তরুণদের কারও কারও গালে আঁকা ছিল লাল-সবুজের পতাকা। শোভাযাত্রায় অনেকে বহন করেন বিভিন্ন রঙের ফেস্টুন। জয় বাংলাসহ মুক্তিযুদ্ধের নানা উদ্দীপ্ত স্লোগানে উচ্চকিত শোভাযাত্রাটি দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, শাহবাগ, কাঁটাবন ও নীলক্ষেত ঘুরে টিএসসিতে গিয়ে শেষ হয়। যুদ্ধাপরাধীদের প্রতীকী অশুভ শক্তির স্মারক হিসেবে ভয়ংকর চেহারার সরীসৃপের প্রতিকৃতি ছিল শোভাযাত্রার প্রধান অনুষঙ্গ। পরে সেটি পুড়িয়ে ফেলা হয়। ব্যানারে নীলফামারীতে সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের ওপর হামলাকারীদের শাস্তির দাবি তুলে ধরা হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার। বক্তব্য দেন জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও সহসভাপতি গোলাম কুদ্দুছ। উপস্থিত ছিলেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক ও অশুভ শক্তিকে প্রতিরোধের আহ্বান জানিয়ে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘একাত্তরের ঘাতক-রাজাকার ও সাম্প্রদায়িক অপশক্তির উত্থান আমরা আগেও মেনে নিইনি, এখনো মানি না, ভবিষ্যতেও মানব না। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ দেশবাসী দেশি-বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলা করে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শেষ করার পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করবে।’