অসুস্থ আসামির আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর, পরে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন মাদক মামলার এক আসামি। গত রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু কারাগারে নেওয়ার আগেই মারা যান তিনি।
তাঁর নাম বিষু হাসদা (৫২)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, বাড়িতে ১০ লিটার চোলাই মদ রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পার্বতীপুর সার্কেলের পরিদর্শক কাজী নূরুন্নবী ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি বিষু হাসদাকে আসামি করে পার্বতীপুর থানায় মামলা করেন।
পার্বতীপুর ল্যাম্ব হাসপাতাল সূত্র জানায়, হাঁপানি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে বিষু হাসদা ২০১৫ সালের ৮ জুন থেকে এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৯ জুলাই হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু তিনি বাড়ি চলে যান।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, বিষু হাসদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। কিছুদিন আগে তাঁকে গ্রেপ্তার করতে একজন কর্মকর্তার নেতৃত্বে পুলিশ তাঁর বাড়িতে যায়। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে পুলিশ তাঁকে গ্রেপ্তার না করেই চলে আসে।
বিষু হাসদার আইনজীবী ফেরদৌস সর্দার বলেন, দিন দিন অসুস্থতা বাড়তে থাকায় বিষু হাসদা রোববার নিজে আদালতে আত্মসমর্পণ করেন। তাঁর পক্ষে দিনাজপুর আমলি আদালত-৫-এ জামিনের জন্য লিখিত আবেদন করা হয়। এতে উল্লেখ করা হয়, ছয় মাস ধরে বিষু হাসদা হাঁপানি, টিউমার ও ক্যানসার রোগে আক্রান্ত। চলাফেরা করতে পারেন না। কিন্তু আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। সেই সঙ্গে তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
দিনাজপুর জেলা কারাগারের কারাধ্যক্ষ জাবেদ মেহদী বলেন, বিষু হাসদা রোববার বেলা তিনটার দিকে কারাভ্যানে করে কারাগারের ফটকে আসেন। এ সময় তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন। তাই তাঁকে কারাগারে না ঢুকিয়ে ফটক থেকেই চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ভর্তির পর বেলা তিনটা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয় বলে মৃত্যুসনদে উল্লেখ রয়েছে। তাঁর মরদেহ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।