অসুস্থ কাজী জাফরকে দেখতে হাসপাতালে এরশাদ
জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বিকেল সাড়ে পাঁচটার দিকে কাজী জাফর আহমদকে দেখতে হাসপাতালে যান। তাঁরা চিকিত্সকের সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তাফা প্রথম আলো ডটকমকে বলেন, ‘বুধবার সন্ধ্যার পর থেকে তাঁর ঘাড়ে ব্যথা শুরু হয়। এরপর রাতে উচ্চ রক্তচাপ দেখা দেয় ও জ্বর আসে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাথরুমে পড়ে যান। এ অবস্থায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।’
উপস্থিত চিকিত্সক ও কাজী জাফরের পরিবারের সদস্যরা জানান, ঘুমের ওষুধ খাওয়ানোয় কাজী জাফরের সঙ্গে এরশাদ কোনো কথা বলতে পারেননি। প্রায় ৪০ মিনিট এরশাদ সেখানে ছিলেন।
এর আগে গত ১৬ নভেম্বর পায়ের শিরায় রক্ত সঞ্চালনে সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাজী জাফর। তিনি চিকিত্সা শেষে বাসায় ফিরেছিলেন।