অসুস্থ গরু শনাক্ত করতে হাটে বসবে ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদ সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ভারত থেকে চোরাই পথে আসা নিষিদ্ধ ডেক্সামেথাসোন ও ডেক্সোভেট জাতীয় বড়ি খাইয়ে গরু মোটাতাজাকরণ ব্যবসা করে থাকেন বেশ কিছু লোক। ঈদ সামনে রেখে নিষিদ্ধ ওই বড়ি খাইয়ে মোটাতাজা করা অসুস্থ গরু শনাক্ত করতে কোরবানির পশুর হাটগুলোতে ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে জানা গেছে, মোটাতাজা করার নিয়মতান্ত্রিক পদ্ধতি হলো গরুকে খড়, লালি ও ইউরিয়া মিশ্রিত খাবার খাওয়ানো। এ পদ্ধতির পরিবর্তে অনেকে অনুমোদনহীন বিভিন্ন ওষুধ প্রয়োগ করে গরু মোটাতাজা করে থাকেন। কোরবানির ঈদের হাটে দ্রুত মুনাফা তোলার জন্য কিছু মানুষ এই ব্যবসা করছেন। এসব ওষুধ প্রয়োগের ফলে পশুর যকৃৎ ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে পশুর শরীরে পানি জমে এবং স্বাভাবিকভাবে শরীর থেকে পানি বের হতে না পেরে তা মাংসে সঞ্চারিত হয়। ফলে পশুর শরীর দ্রুত ফুলে যায়। এতে পশুকে মোটাতাজা দেখায়। এসব ওষুধ প্রয়োগের কারণে পশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বিভিন্ন জীবাণুর উৎপত্তি হয়। এই পদ্ধতিতে মোটাতাজা করা গরুর মাংস খাওয়াও ঝুঁকিপূর্ণ।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস সামাদ বলেন, এসব গরুর পাশাপাশি খুরা রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত গরুকে শনাক্ত করতে উপজেলার কোরবানির পশুর হাটগুলোতে প্রাণিসম্পদ বিভাগ ক্যাম্প পরিচালনা করবে। পাশাপাশি পশু চিকিৎসকেরা এ ব্যাপারে জনসচেতনতা তৈরির চেষ্টা করবেন।প্রসঙ্গত, ১১ অক্টোবর প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘নিষিদ্ধ বড়ি খাইয়ে গরু মোটাতাজাকরণ ব্যবসা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।