অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রি করার অপরাধে গতকাল বৃহস্পতিবার এক মাংসবিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই মাংসবিক্রেতার নাম জামাল হোসেন (২৮)। তাঁর বাড়ি উপজেলার নগরপার গ্রামে। জানা গেছে, গতকাল উপজেলার সাহেবাবাদ বাজারে অসুস্থ একটি গরু জবাই করে মাংস বিক্রি করার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি ইউএনওকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠান। ব্রাহ্মণপাড়া থানার এসআই ইকতার মিয়া ঘটনাস্থলে এসে মাংস জব্দ ও জামাল হোসেনকে আটক করেন। উপজেলা ভেটেরিনারি সার্জন মো. ইসমাইল পরীক্ষা করে জব্দ করা মাংস খাওয়ার অযোগ্য বলে প্রতিবেদন দেন। প্রতিবেদন পেয়ে ইউএনও মোহামঞ্চদ আজিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জামাল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।