অসুস্থ গোলাপকে দেখতে গেলেন বিএনপি প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর-৩ (সদর একাংশ ও কালকিনি) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান গোলাপ গতকাল রোববার হঠাৎ অসুস্থ হয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন। তখন তাঁকে দেখতে যান এই আসনে বিএনপির প্রার্থী আনিসুর রহমান। পরে দুপুরে আবদুস সোবহান হাসপাতাল ছেড়ে যান।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান বলেন, ‘সকালে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে গণসংযোগ শেষে মস্তফাপুর এলাকায় স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ তিনি (আবদুস সোবহান) অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করি।’

সদর হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহামুদ বলেন, ‘আমরা তাঁকে সর্বাত্মকভাবে চিকিৎসা দিয়েছি। তাঁর রক্তচাপ কমে গিয়েছিল। বেলা আড়াইটার দিকে তিনি সুস্থ হয়ে বাড়ি চলে যান।’

আবদুস সোবহানের অসুস্থতার খবর শুনে গতকাল দুপুর ১২টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে আসেন ওই আসনের বিএনপির প্রার্থী আনিসুর রহমান। তিনি তাঁর কক্ষে ঢুকে কুশল বিনিময় করেন। কয়েক মিনিট পর আনিসুর রহমান চলে যান।