অসুস্থ ছেলের চিকিৎসা করাতে গিয়ে শাশুড়ির সঙ্গে লাশ হলেন মা
পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য পিয়াসের অসুস্থতা রাতের ঘুম হারাম করে দেয় দাদা-দাদি ও মায়ের। রাতেই চিকিৎসার জন্য পিয়াসকে নিয়ে রিকশাভ্যানে করে ছুটতে থাকেন হাসপাতালের উদ্দেশে। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা আর হাসপাতালে পৌঁছাতে পারেননি। পথেই ট্রাকের চাপায় প্রাণ হারান দাদি ও মা। সেই সঙ্গে প্রাণ হারান ভ্যানের চালকও। আহত হন দাদা ও পিয়াস। এ ঘটনা গত সোমবার রাতের রাজধানীর অদূরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার। আশুলিয়া থানার পুলিশ জানায়, ১১ মাসের শিশুপুত্র পিয়াসের বাবা আল মামুন ও মা আমেনা বেগম পেশায় পোশাকশ্রমিক। থাকতেন আশুলিয়ার ঘোষবাগ এলাকায়। মামুনের বাবা গোলাম মোস্তফা এবং মা পিয়ারা বেগমও থাকতেন তাঁদের সঙ্গেই । পিয়াসের মামা খোকন মিয়া জানান, গত সোমবার রাতে পিয়াস ডায়রিয়ায় আক্রান্ত হয়। অবস্থার অবনতি হতে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করার জন্য দাদি পিয়ারা বেগম ও মা আমেনা বেগমকে সঙ্গে নিয়ে দাদা গোলাম মোস্তফা সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাসা থেকে বের হন। দ্রুত হাসপাতালে যাওয়ার জন্য কোনো যানবাহন না পেয়ে তাঁরা একটি রিকশাভ্যানে করে স্থানীয় একটি হাসপাতালের উদ্দেশে রওনা হন। রাত দেড়টার দিকে তাঁদের বহনকারী ভ্যানটি আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় পৌঁছে। এ সময় পেছন দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক হঠাৎ করে ভ্যানের ওপর উঠে যায়। পুলিশ জানায়, ট্রাকটি ভ্যানচাপা দিয়ে পালানোর সময় এর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান পিয়ারা বেগম (৪৫), তাঁর ছেলের বউ আমেনা বেগম (২২) ও ভ্যানচালক সবুজ (৩০)। আহত হন গোলাম মোস্তফা ও পিয়াস। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে ট্রাকটিকে আটক করে পুলিশ। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর লাশ তিনটি থানায় নিয়ে যাওয়া হয়। এরপর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে তা হস্তান্তর করা হয়। এ ব্যাপারে গতকাল আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।