অসুস্থ ট্রাকচালককে টাকা ফেরত দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকচালক চান মিয়াকে মুক্ত করার বিনিময়ে নেওয়া ৪০ হাজার টাকা ফেরত দেয়নি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সাংসদের অনুরোধে ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়ার পরও গাজীপুরের একটি পোশাক কারখানা থেকে ওই টাকা নেন হাসপাতালের কর্মকর্তারা।চান মিয়া সাভার পৌর এলাকার বখতারপুর মহল্লার বাসিন্দা। রাজধানীর কাঁচপুর থেকে গত ১২ জুলাই রাতে ৬০ ব্যারেল সয়াবিন তেল নিয়ে সাভারে ফিরছিলেন। আশুলিয়া-সিঅ্যান্ডবি সড়কের আনারকলি এলাকায় ডাকাতের কবলে পড়লে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় ট্রাক থেকে লাফিয়ে পড়লে তাঁর কোমরের হাড় ভেঙে যায়। চান মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে ১৩ জুলাই ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে অস্ত্রোপচার করে তাঁর হাড় জোড়া লাগানো হয়। কিন্তু বিল পরিশোধ করতে না পারায় ছুটি দেওয়া হচ্ছিল না চান মিয়াকে। প্রায় এক লাখ টাকা বিলের বোঝা নিয়ে হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে ১২ বছরের একমাত্র মেয়ে তাসলিমাকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কড়া নজরদারিতে অনেকটা বন্দী জীবন কাটাচ্ছিলেন চান মিয়া।গত শনিবারের প্রথম আলোতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি পড়ে গাজীপুরের শ্রীপুরের একটি পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক শনিবার দুপুরে ৪০ হাজার টাকা বিল পরিশোধ করে চান মিয়াকে মুক্ত করে দেন। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক হাসপাতালের উপপরিচালক নাজিম উদ্দিনের কাছে ওই টাকা পৌঁছে দেন। অথচ এর আগে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ টাকা ছাড়াই চান মিয়াকে মুক্ত করে দেওয়ার অনুরোধ করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষকে। প্রয়োজনে টাকা তিনি নিজেই দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ সাংসদের অনুরোধে রাজি হওয়ার পরও সেই অনুরোধ রাখেনি। প্রথম আলোর প্রতিবেদন পড়ে চান মিয়াকে ৩০ হাজার টাকা দিয়ে সহায়তা করেন ঢাকার এক গৃহিণী। বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা দেন ১০ হাজার টাকা। ঈদের কেনাকাটার জন্য মেয়েটিকে আরও এক ব্যক্তি দেন পাঁচ হাজার টাকা।এদিকে চান মিয়াকে হাসপাতাল থেকে মুক্ত করা প্রসঙ্গে গত শনিবার সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বলেছিলেন, চান মিয়াকে ছেড়ে দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছিল। এর পরও টাকা নিয়ে থাকলে ওই টাকা ফেরত দেওয়া হবে। খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ সেই টাকা ফেরত দেয়নি। যোগাযোগ করা হলে হাসপাতালের উপপরিচালক নাজিম উদ্দিন বলেন, গাজীপুরের পোশাক কারখানাটি রোগীকে নয়, সহায়তা করেছে হাসপাতালকে। এ কারণেই টাকা ফেরত দেওয়া হয়নি। তবে পোশাক কারখানাটির মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক বলেন, ‘আমরা হাসপাতালকে কোনো সহায়তা করিনি। সাংসদের অনুরোধের বিষয়টি গোপন রেখে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। ওই টাকা ফেরত দিলে আমরা অসুস্থ ট্রাকচালককে সহায়তা করব।’ তিনি জানান, শনিবার দুপুরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে উপপরিচালক নাজিম উদ্দিনের সঙ্গে দেখা করে ঈদের পর বিল পরিশোধের আশ্বাস দিয়ে চান মিয়াকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু নাজিম উদ্দিন তাঁর প্রস্তাবে রাজি হননি। পরে ঋণ করে টাকা এনে বিল পরিশোধের পর চান মিয়াকে মুক্ত করেন তিনি।