অসুস্থ নাজমুলের পাশে অনেকেই

প্রবাসীদের ভালোবাসায় বেঁচে ওঠা নাজমুল হকের পাশে থাকতে চেয়েছেন অনেকেই। তাঁদের কেউ তাঁকে এককালীন অর্থসহায়তা, আবার কেউ প্রতি মাসে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
‘নাজমুলের নতুন জীবন’ শিরোনামে গত মঙ্গলবার প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর অনেকেই প্রথম আলোতে যোগাযোগ করে পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা আয়েশা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আবু ইউসুফ চৌধুরী বলেন, ‘নাজমুল ঘুরে দাঁড়ানোর চেষ্টা আমাকে মুগ্ধ করেছে। আমি প্রতি মাসে এই পরিবারটিকে টাকা দিয়ে সাহায্য করতে চাই, যত দিন না তিনি পুরোপুরি সুস্থ হন।’
কুমিল্লার সাবেক শিক্ষক, সংগীতানুরাগী ও ব্যবসায়ী কামরুল হক চৌধুরী বলেন, ‘নাজমুলের ঘটনা আমাকে মর্মাহত করেছে। আমি তাঁদের সাধ্যমতো সাহায্য করতে চাই।’ ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরীও পরিবারটিকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
নাজমুলের স্ত্রী খালেদা আক্তার বলেন, ‘অনেকেই আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি এখন তিন সন্তান আর অসুস্থ স্বামী নিয়ে সংগ্রাম করার সাহস পাচ্ছি।’
ভাগ্য বদলাতে ঢাকার চা-দোকানদার নাজমুল হক (৪৭) গিয়েছিলেন ওমানে। সেখানে তিনি একদিন হঠাৎ মস্তিষ্কের রক্তক্ষরণে (ব্রেন স্ট্রোক) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান। সহায়-সম্বলহীন নাজমুলকে হাসপাতালে নিয়ে আর্থিক সহায়তা দিয়ে বাঁচিয়ে তোলেন প্রবাসীরা।