অসুস্থ বংশীবাদক বিপিনের পাশে সাবেক উপমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দেবালয় গ্রামের বংশীবাদক বিপিন চন্দ্র রায় চিকিৎসার জন্য আজ মঙ্গলবার ভারত যাচ্ছেন। তাঁকে গতকাল সোমবার দুপুরে সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
বিপিন চন্দ্রের স্ত্রী সারথি রানী রায় প্রথম আলোকে বলেন, বাংলাদেশ বেতার রংপুরের তালিকাভুক্ত বংশীবাদক বিপিন চন্দ্র (৩৫) যকৃতের (লিভার) সমস্যায় ভুগছেন। কুড়িগ্রাম সদর হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও আরও কয়েকটি বেসরকারি হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিগগির ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর চিকিৎসায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা দরকার। কিন্তু সংগ্রহ হয়েছে মাত্র দেড় লাখ টাকা। তা নিয়েই আজ ভারতের উদ্দেশ্যে বাড়ি ছাড়বেন বিপিন।বিপিন-সারথি দম্পতির ১৫ বছরের এক মেয়ে ও ৯ বছরের এক ছেলে রয়েছে। সম্পদ বলতে বিপিনের পৈতৃক সূত্রে পাওয়া বসতভিটার ১২ শতক জমি আছে। তিনি বেতারে ও বিভিন্ন অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে যা রোজগার করতেন, তা দিয়ে চলত সংসার।
বড়বাড়ি জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর উপদেষ্টা সত্যেন্দ্রনাথ রায় বলেন, ‘আমরা ইতিমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার হৃদয়বান মানুষের কাছ থেকে বিপিনের চিকিৎসার জন্য এক লাখ টাকা সংগ্রহ করে পরিবারের সদস্যদের হাতে দিয়েছি।’
আসাদুল হাবিব দুলু বলেন, ‘বিপিন কুড়িগ্রামের মানুষ হলেও একজন গুণী বংশীবাদক। তাঁর চিকিৎসার জন্য আরও টাকার দরকার। গুণী এই শিল্পীর চিকিৎসার জন্য সমাজের বিবেকবান ও দানশীল মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।’