অসুস্থ বাবাকে বাড়ি নিয়ে ঈদ করতে চায় ছোট্ট মেয়েটি
ট্রাকচালক চান মিয়া (২৮) জীবনে সুখের দেখা খুব কমই পেয়েছেন। কিন্তু নিজের দুঃখ আজ যেন তাঁর একমাত্র সন্তানের জীবনও গ্রাস করছে। চিকিৎসা শেষে টাকা দিতে না পেরে একমাত্র মেয়েকে নিয়ে সাভারের এনাম হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারিতে সেখানে দুর্বিষহ দিন পার করছেন তিনি। কিন্তু ঈদ তো কড়া নাড়ছে সবার জীবনে। চান মিয়ার ছোট্ট মেয়েও বায়না ধরেছে বাবার সঙ্গে বাড়ি গিয়ে ঈদ করার। কিন্তু টাকা ছাড়া ছাড় মিলবে না, তা কীভাবে ওই অবুঝ মেয়েকে বোঝাবেন চান মিয়া?সাভার পৌর এলাকার বখতারপুর মহল্লার বাসিন্দা চান মিয়া। রাজধানীর কাঁচপুর থেকে গত ১২ জুলাই রাতে ৬০ ব্যারেল সয়াবিন নিয়ে সাভারে ফিরছিলেন। আশুলিয়া-সিঅ্যান্ডবি সড়কের আনারকলি এলাকায় ডাকাতেরা ট্রাকের গতি রোধ করে। ট্রাক ও মাল বাঁচাতে চাবি নিয়ে ট্রাক থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করেন চান মিয়া। এ সময় পড়ে গিয়ে তাঁর কোমরের হাড় ভেঙে যায়। তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। এতে রক্ষা পায় ট্রাক ও মাল। লোকজন তাঁকে উদ্ধার করে পরদিন ১৩ জুলাই ভোরে ভর্তি করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার করে তাঁর হাড় জোড়া লাগানো হয়। কিন্তু বিল পরিশোধ করতে না পারায় আজও ছুটি মিলছে না চান মিয়ার। প্রায় এক লাখ টাকা বিলের বোঝা নিয়ে হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের ৭১৪ নম্বর বিছানায় ১২ বছরের একমাত্র মেয়েকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কড়া নজরদারিতে অনেকটা বন্দী জীবন কাটাচ্ছেন চান মিয়া। নিজের কথা বলতে গিয়ে একপর্যায়ে আর চোখের পানি ধরে রাখতে পারেননি চান মিয়া। এ সময় পাশে বসা অবুঝ মেয়ে তাসলিমা বলে, ‘ওরা আব্বুরে টাকার জন্য ছুটি দেয় না। আপনি একটু ছুটি নিয়া দেন না? বাসায় নিয়া আব্বুর লগে ঈদ করুম।’ সামলে উঠে চান মিয়া জানান, শিশুকালেই বাবাকে হারিয়েছেন। মায়েরও অন্যত্র বিয়ে হয়। বহু কষ্টে বড় হয়ে বেছে নেন ট্রাক চালানোর পেশা। বিয়ে করেছিলেন। পাশে বসা মেয়ের গায়ে মমতার পরশ বুলিয়ে তিনি জানান, একদিন হঠাৎ করেই মারা যায় স্ত্রীও। সেই থেকে এই মেয়েকে ঘিরেই তাঁর জীবন-স্বপ্ন। কিন্তু এই সুখটুকুও যেন তাঁর কপালে সইছে না। চান মিয়া বলেন, প্রতিদিন তাঁর আড়াই শ টাকার ওষুধ লাগে। কোনোমতে নিজের আর মেয়ের আহার জোগাড়ের পর প্রতিদিন সেই ওষুধও তাঁর কেনার সামর্থ্য হয় না। এখন কর্তৃপক্ষ দয়া করে তাঁকে ছুটি না দিলে আর গতি নেই।হাসপাতালের উপপরিচালক নাজিম উদ্দিন বলেন, ‘নগদ অর্থ ছাড়াই আমরা তাঁকে চিকিৎসা দিয়েছি। বিছানায় রাখছি। বিলও কিছুটা কমানো হবে। কিন্তু পুরোপুরি মাফ তো করা সম্ভব নয়।’ বিল না দিতে পারলে কী করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যত দিন বিল পরিশোধ করতে না পারবেন, তত দিন হাসপাতালেই থাকবেন। একসময় ধৈর্যহারা হয়ে ঠিকই বিল পরিশোধ করবেন।’