অসুস্থ বৃদ্ধকে নিয়ে বিপাকে বৃদ্ধনিবাস কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডের একটি শয্যায় শুয়ে আছেন তিনি। মাথায় সাদা চুল ও মুখমণ্ডলভরা সাদা দাড়ি। পরনে একটি চেক লুঙ্গি ও সাদা গেঞ্জি। পা ও হাতগুলো শরীর অনুযায়ী বেশ সরু। বয়স তাঁর প্রায় ৮৫ বছর। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত তিনি।
মুখ দিয়ে শব্দ উচ্চারণ করতে পারলেও ‘আল্লা’ ও ‘মা’ এই শব্দ দুটির বেশি বের হয় না। কী তাঁর নাম, কোথায় তাঁর বাড়ি, তাঁর স্বজন কারা—এ খবর জানা নেই সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ফরিদপুরে অবস্থিত ঢাকা বিভাগীয় বৃদ্ধনিবাসের কর্মকর্তাদের।
বৃদ্ধনিবাস সূত্র জানায়, ঢাকার গুলশান থানার গত ৫ মার্চের একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে এবং ঢাকা মেট্রোপলিটন হাকিম আদালতের মাধ্যমে ১১ মার্চ অজ্ঞাতনামা এই বৃদ্ধকে পাঠানো হয় ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় অবস্থিত বৃদ্ধনিবাসে। এখানে অসুস্থ হয়ে পড়লে ৫ এপ্রিল তাঁকে ভর্তি করা হয় ফরিদপুর জেনারেল হাসপাতালে।
বৃদ্ধনিবাসের উপপরিচালক এম এ মান্নান বলেন, বৃদ্ধের নাম-পরিচয় জানার বহু চেষ্টা করে তাঁরা সফল হতে পারেননি। মুখ দিয়ে তিনি শুধু আল্লা ও মা শব্দ দুটি উচ্চারণ করতে পারেন। এর বেশি কিছু জানতে চাইলে কিংবা খাবারের জন্য তাগাদা দিলে কামড় দিতে আসেন।
ফরিদপুর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ওবায়দুর রহমান বলেন, বৃদ্ধটি বার্ধক্যজনিত কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তবে তাঁর ডায়াবেটিস বা হৃদ্রোগজনিত কোনো সমস্যা নেই। এই অবস্থায় স্বজনদের নিবিড় পরিচর্যাই তাঁকে স্বস্তি দিতে পারে।