অসুস্থ মাকে দেখা হলো না দুই ভাইয়ের
অসুস্থ মাকে দেখতে ঢাকা থেকে রওনা হয়েছিলেন দুই ভাই। তা আর হলো না। পথে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনায় মারা গেছেন দুজন।
আজ বুধবার দুপুর ১২টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলার রাজাখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মো. কামাল হোসেন (৪১) ও মো. আমিরুল ইসলাম (৩০) নামের এই দুই ভাইয়ের বাড়ি বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড়া গ্রামে। বাবার নাম মো. কুদ্দুস মৃধা (৭৫)।
নিহত ওই দুই ভাইয়ের পরিবারের সদস্য, পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অসুস্থ মা আনোয়ারা বেগমকে (৭০) দেখতে আজ ভোরে ঢাকা থেকে বাসে করে রওনা হন কামাল ও আমিরুল। বরিশাল-পটুয়াখালী সড়কের লেবুখালী ফেরিঘাটে এসে বাস ছেড়ে দিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাউফলের উদ্দেশে তাঁরা রওনা হন। দুপুর ১২টার দিকে দুমকির রাজাখালী বাজারের পৌঁছার পর মোটরসাইকেলটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে কামাল ও আমিরুল মারা যান। গুরুতর আহত মোটরসাইকেলের চালক রিয়াদকে (৩০) স্থানীয় লোকজন উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রিয়াদের বাড়ি দুমকির চরগরবদি গ্রামে।
আজ বিকেল সাড়ে তিনটার দিকে বাহির দাশপাড়া গ্রামে নিহত ওই দুই ভাইয়ের বাড়িতে যাওয়ার পথে দেখা গেল, দল বেঁধে কয়েক শ নারী-পুরুষ ওই বাড়ির দিকে ছুটছেন। বাড়ির কাছাকাছি যেতেই ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা গেল। তখনো তাঁদের মা জানেন না, তাঁর দুই ছেলে জীবিত নেই। তিনি জানেন, দুর্ঘটনায় তাঁর দুই ছেলে আহত হয়েছেন। দুই ছেলের সুস্থতার জন্য কাঁদছিলেন। কামাল ও আমিরুলের বাবাও মসজিদে বসে তাঁদের সুস্থতার জন্য দোয়া করছিলেন।
আমিরুলের বন্ধু মো. মানসুর রহমান বলেন, ‘দুই ভাইয়ের মৃত্যুতে পুরো এলাকার মানুষ শোকাহত।’
বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চার ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় কামাল হোসেন এবং সবার ছোট আমিরুল। প্রায় ১২ বছর আগে কামাল বিয়ে করেন। আমিরুল ছিলেন অবিবাহিত। কামাল হোসেন ঢাকায় পোশাকের ব্যবসা করতেন। আমিরুল একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে চাকরি করতেন।
দাশপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এন এন জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিষয়টি হৃদয়বিদারক।’