অসুস্থ মান্নার মুক্তি চেয়ে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি
কারাগারে অসুস্থ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে অবিলম্বে মুক্তি দিয়ে সুবিচার পাওয়ার এবং তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন কয়েকজন বিশিষ্ট নাগরিক। গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, মাহমুদুর রহমান একজন দেশপ্রেমিক সুপরিচিত রাজনীতিবিদ। তিনি একসময়ের জনপ্রিয় ছাত্রনেতা, কলাম লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব। গণতন্ত্র ও মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মান্না কারাগারে অসুস্থ, তাঁর সুচিকিৎসার ব্যবস্থা না করায় দেশের সব নাগরিক উদ্বিগ্ন। তাঁরা এর প্রতিবাদ করছেন।
বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক মাহবুব উল্যাহ, মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্যাহ, সাংবাদিক কাজী সিরাজ, নিউ এজ সম্পাদক নূরুল কবীর প্রমুখ।