অসুস্থ রাজনীতি চাই না, শান্তি চাই

আপনাদের অসুস্থ রাজনীতি আমরা চাই না। আমরা অশান্তির রাজনীতি চাই না। আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।’
কথাগুলো তৈরি পোশাক-মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের। গতকাল রোববার দেশব্যাপী অনুষ্ঠিত ব্যবসায়ীদের সাদা পতাকার প্রতিবাদবন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া সব ব্যবসায়ীর কথাতেই ছিল এই সুর। আর প্রত্যেকের হাতে ছিল সাদা পতাকা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ডাকা এই প্রতিবাদবন্ধন কর্মসূচি পালিত হয় দেশের সব ব্যবসায়ী চেম্বার ও সমিতির ভবনের সামনের সড়কে। কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালিত হয় রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনের সামনে। সংহতি প্রকাশ করে এতে যোগ দেন বড় ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারাও।
বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। কর্মসূচি চলাকালে মতিঝিলের শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এফবিসিসিআইয়ের আওতাভুক্ত ১৯টি যৌথ চেম্বারসহ মোট ৯৩টি ব্যবসায়ী চেম্বার ও ৩৪০টি সমিতি রয়েছে। গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই দাবি করেছে, এসব সংগঠন আয়োজিত কর্মসূচিতে সারা দেশের ব্যবসায়ী এবং সর্বস্তরের জনগণ মিলিয়ে প্রায় ৫০ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
মতিঝিলের কর্মসূচিতে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ রাজনৈতিক দলগুলোর কাছে শান্তি ভিক্ষা চান। তিনি বলেন, ‘বর্তমান সহিংস কর্মসূচির কারণে দেশের অর্থনীতি মৃতপ্রায়। দেশে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নেই। এ অবস্থায় আমরা উদ্বিগ্ন। বিভিন্ন স্থানে মানুষ হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ চলছে। সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন না। মানুষ রাজনীতিবিদদের কাছে জিম্মি হয়ে পড়েছে। আমরা আমাদের ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতে চাই। সরকারকে এর নিরাপত্তা দিতে হবে।’ এ সময় কাজী আকরাম সংগঠনের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘টানা হরতাল-অবরোধে আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে। সোজা করব কীভাবে।’ বক্তব্যের আগে-পরে আতিকুল ইসলাম নিজেই স্লোগান ধরেন: ‘শান্তি, শান্তি, শান্তি চাই’; ‘পোশাকশ্রমিক জনতা, গড়ে তোল একতা’; ‘শিল্পমালিক জনতা, গড়ে তোল একতা’।
সাবেক সভাপতি সালমান এফ রহমান বলেন, ‘বিদ্যমান সহিংসতা বন্ধে রাজনীতিবিদেরা ব্যর্থ হলে নেতৃত্ব আমাদেরই দিতে হবে। ভবিষ্যতে সমঝোতা না হলে আমাদের রাস্তায় নামতে হবে। বর্তমান অবস্থায় রাজনীতিবিদদের ওপর থেকে সমাজের আস্থা চলে যাচ্ছে। আমরা আর সহ্য করব না। এই রাজনীতি আমাদের বন্ধ করতে হবে। সোজা পথে দেশকে আনতে হবে।’
আরেক সাবেক সভাপতি আনিসুল হক বলেন, ‘আমাদের রাজারা এখন আর রাজনীতি করেন না। এটা এখন মারার নীতিতে পরিণত হয়েছে। চারদিকে লাশের মিছিল। এটা কি বাংলাদেশ, নাকি সোমালিয়া, নাকি ইরাক, লিবিয়া।’
সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, ‘দুই নেত্রী যদি সমস্যা সমাধানে না আসেন, তাহলে আমরা দুই নেত্রীর বাসভবনের সামনে অবস্থান নেব। সমাধান না হওয়া পর্যন্ত আমরা সেখানেই অবস্থান করব।’
কর্মসূচিতে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন। উপস্থিত ছিলেন অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলাম, ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান ও সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বিজিএমইএর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, রিহ্যাবের সহসভাপতি লিয়াকত হোসেন প্রমুখ। কর্মসূচি সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), বিটিএমএ, বিকেএমইএ, বারভিডা, বায়রা, জুট গুডস অ্যাসোসিয়েশন, প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি, ফার্নিচার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ পিভিসি পাইপ প্রস্তুতকারক সমিতি, সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, চিনি ব্যবসায়ী সমিতি, গ্লাস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, মনিহারি বণিক সমিতি, ক্রোকারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিসহ বেশ কয়েকটি সংগঠনের নেতারা সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন। মেট্রোপলিটন চেম্বারও (এমসিসিআই) তাদের কার্যালয়ের সামনে একই কর্মসূচি পালন করে।
এফবিসিসিআইয়ের এই প্রতিবাদ কর্মসূচিতে নিজেদের দোকান বন্ধ রেখে যোগ দেন মতিঝিল এলাকার চা-সিগারেটের দোকানদার, পোশাক বিক্রেতাসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি বড় অংশ। তাঁদের হাতেও ছিল সাদা পতাকা। কর্মসূচির পর ফুটপাতের অনেক দোকানে সাদা পতাকা ঝুলিয়ে রাখতে দেখা গেছে।