অসুস্থ সংগীতশিল্পী নুরুল ইসলাম ওরফে জাহিদের চিকিৎসায় সাহায্যের জন্য গতকাল শনিবার রংপুর টাউন হলে সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। রংপুর সংগীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জিয়াউল ইসলাম, রঞ্জিত কুমার, নীলিমা আক্তার, সুজিতা অধিকারী, লুবনা ইয়াসমীন প্রমুখ গান পরিবেশন করেন।
সংগীতসন্ধ্যার আগে শিল্পীর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের আবেদন জানিয়ে সংগঠনের সভাপতি খাদেমুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা আয়োজন করা হয়। এতে স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক মো. শাহাদত হোসেন প্রধান অতিথি ছিলেন। এতে খ ম আলী সম্রাট, সাংস্কৃতিক সংগঠন সাউন্ড টাচের সাবেক সাধারণ সম্পাদক মকসুদার রহমান, চিকিৎসক সৈয়দ মামুনুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
শিল্পী নুরুল ইসলাম (৭০) দীর্ঘদিন ধরে নানা ব্যাধিতে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন।
অসিত সেন স্মরণে সভা
আমাদের নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, গতকাল সন্ধ্যায় রাজশাহীর সাধারণ গ্রন্থাগারে ওস্তাদ আবদুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের উদ্যোগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব অসিত সেন স্মরণে ‘তুমি রবে নীরবে নিরন্তর অন্তরে’ শিরোনামে শোকসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংসদের সভাপতি বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। এতে ওস্তাদ শিবনাথ দাস, কানু মোহন গোস্বামী, মুক্তিযোদ্ধা নূর হামিম রিজভী, সংসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।