অসুস্থ সাবেক সাংসদকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ ইউসুফের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে রক্তচাপ কম থাকায় গতকাল সোমবার ঢাকায় স্থানান্তর করা যায়নি।
সাবেক সাংসদ ইউসুফ ২০০১ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হন। এ ছাড়া তিনি বর্তমানে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে গত রোববার রাঙ্গুনিয়ার গ্রামের বাড়ি থেকে সাবেক এই সাংসদকে অ্যাম্বুলেন্সযোগে সিভিল সার্জন চট্টগ্রাম নিয়ে আসেন। এরপর আইসিইউতে ভর্তি করা হয়।
তাঁর চিকিৎসার্থে গতকাল সকালে চমেক হাসপাতালের চিকিৎসকেরা জরুরি সভায় মিলিত হন। সেখানে মেডিসিন, কিডনি ও নিউরোলজির বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
মেডিকেল বোর্ডের প্রধান চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক অশোক কুমার দত্ত বলেন, তাঁর রক্তচাপ আগের চেয়ে একটু বেড়েছে। এ ছাড়া কিডনি জটিলতায় ভুগছেন তিনি। ডায়ালাইসিস দরকার। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ঘা হয়ে গেছে। ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জানা গেছে, রক্তচাপ কম হওয়ায় ডায়ালাইসিস করানো সম্ভব হয়নি। আইসিইউ এবং ডায়ালাইসিস সেবা একসঙ্গে না থাকায় চমেক হাসপাতালে এই সেবা দেওয়া সম্ভব হবে না বলে জানা গেছে। এ জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়।
জানতে চাইলে সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, রক্তচাপ কম হওয়ায় আজ (গতকাল) এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া সম্ভব হয়নি। আগামীকাল (আজ) সড়কপথে নেওয়া যায় কিনা বিবেচনা করা হবে।
উল্লেখ্য, ১৯৯১ সালের নির্বাচনে মোহাম্মদ ইউসুফ রাঙ্গুনিয়া থেকে জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন। তিনি দীর্ঘদিন ধরে অসুখে ভুগলেও স্থানীয় কোনো নেতা তাঁর খোঁজখবর রাখেননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ঝড় ওঠার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার নির্দেশ দেন।