অসুস্থতার সনদ নিয়ে দীর্ঘ ছুটি, ১০ শিক্ষককে চাকরিচ্যুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা বেতনে ছুটি নিয়ে বিদেশে যাওয়া এবং অসুস্থতার সার্টিফিকেট নিয়ে অনির্দিষ্টকাল ছুটি কাটানোর অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল রোববার সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। চাকরিচ্যুত শিক্ষকের সঠিক সংখ্যা উল্লেখ না করলেও তা ১০ জনের বেশি বলে সভায় জানানো হয়।কমিটির সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে সভায় জানানো হয়, সারা দেশে এ ধরনের বেশ কিছু ঘটনা পাওয়া গেছে। অনেক বিদ্যালয়ে শিক্ষকস্বল্পতার কথা বিবেচনায় না নিয়ে এ ধরনের অনেকে দীর্ঘদিন ধরে টানা ছুটি কাটাচ্ছেন।প্রসঙ্গত, গত ৪ মে সংসদীয় কমিটির সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অসুস্থতাজনিত ছুটি কাটানোর সমালোচনা করে সংসদীয় কমিটি। সেই সঙ্গে সাত দিনের বেশি ছুটি কাটাতে হলে জেলা পর্যায়ে গঠিত মেডিকেল বোর্ডের কাছ থেকে অসুস্থতার সনদ নেওয়া বাধ্যতামূলক করারও সুপারিশ করে কমিটি।কমিটির সভাপতি মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, সংসদীয় কমিটির সুপারিশ অনুসারে মন্ত্রণালয় একটি ভালো পদক্ষেপ নিয়েছে। কারণ, প্রাথমিক স্কুলে পাঠদান বিঘ্নিত করে কোনো জাতি এগোতে পারবে না। তাই প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের কোনো ধরনের অবহেলা মেনে না নিতে মন্ত্রণালয়কে বলা হয়েছে। ভবিষ্যতে অবশ্য প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়েও কমিটি আলোচনা করবে।জানা গেছে, কমিটির গতকালের সভায় এ সুপারিশের অগ্রগতি জানতে চাওয়া হলে মন্ত্রণালয় থেকে ওই তথ্য জানানো হয়। এ ব্যাপারে মাঠপর্যায়ে নির্দেশনা জারি করা হয়েছে বলেও সভায় জানানো হয়।মন্ত্রণালয় থেকে সংসদীয় কমিটিকে জানানো হয়, চিকিৎসাজনিত ছুটির ক্ষেত্রে ১০ দিনের মধ্যে অসুস্থতার সার্টিফিকেট দাখিল করার নির্দেশনা মাঠপর্যায়ে জারি করা হয়েছে।সভায় প্রতিবন্ধী পরীক্ষার্থীদের পরীক্ষার সময় অতিরিক্ত ১৫ মিনিট বৃদ্ধির সুপারিশ করা হয়।সভায় শিশুদের পড়ানোর পদ্ধতি উন্নত ও আকর্ষণীয় করার লক্ষ্যে উপযুক্ত ও আধুনিক শ্রেণীকক্ষ তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে আকস্মিক পরিদর্শনের মাধ্যমে স্কুলগুলোর সার্বিক অবস্থা নিশ্চিত করার পরামর্শও দেওয়া হয়।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এবং সংসদীয় কমিটির সদস্য আফাজউদ্দিন আহমেদ, আবদুল মান্নান, তালুকদার মো. ইউনুস, খাদিজা খাতুন ও জোবেদা খাতুন অংশ নেন। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।