অসৌজন্যমূলক আচরণ, পরে ক্ষমাপ্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের এক কনস্টেবল একজন ছাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার পর ক্ষমা চেয়েছেন।
ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সহসভাপতি।
অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলীর সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়সহ রমনা জোনের পুলিশ কর্মকর্তারা প্রক্টরের কার্যালয়ে যান। সেখানে মেয়েটির বন্ধু ও রাজনৈতিক সহকর্মীসহ ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে ঘটনার জন্য ওই পুলিশ সদস্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চান।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট বরাবর স্থানে হাবিবা জান্নাতসহ কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় সেখানে দায়িত্ব পালনরত রুহুল আমিন পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) গাড়ি যাবে বলে তাঁদের সরতে বলেন। রুহুল আমিন সেখানে দাঁড়ানো হাবিবার সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করেন এবং তাঁকে উদ্দেশ করে কটূক্তি করেন। এ নিয়ে সেখানে থাকা হাবিবাসহ অন্যদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলীর কাছে অভিযোগ জানানো হয়। তিনি বলেন, এটি তেমন বড় কোনো ঘটনা নয়। সব পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটমাট করা হয়েছে।
পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান বলেছেন, এটা একটা ভুল-বোঝাবুঝি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটমাট করা হয়েছে।
ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তাহসিন মাহমুদ প্রথম আলোকে বলেন, তাঁরা অভিযোগ করার পর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ওই পুলিশ সদস্য ক্ষমা চেয়েছেন। এখন আর কিছু বলার নেই।